আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেইলার, মুক্তি ১৯ মার্চ

বিনোদন রিপোর্টার

প্রকাশ্যে ‘একসাথে আলাদা’র ট্রেইলার, মুক্তি ১৯ মার্চ

বিয়ে পবিত্র, বিয়ে সুন্দর— তবু বিয়ে সবার জন্য নয়। আমাদের গল্পের নায়ক–নায়িকা ফারহান ও আমিরা এমনই এক বাস্তবতার মুখোমুখি হয় যখন তারা দুজনেই বুঝতে পারে একটি মৃত, শূন্য হয়ে যাওয়া সম্পর্কে আটকে আছে। এমন বাস্তবতায় তারা বুঝতে পারে না কি করবে। দুঃখজনকভাবে, সুখ তখন তাদের দু’জনের কাছে যেন অধরা। তারা যে পাশে দাঁড়িয়ে আছে, সুখ তার ঠিক বিপরীতে বা ওপারে কোথাও!

ফারহান-আমিরার মানসিক দ্বন্দ্ব আর সেই সাথে তাদের পরিবার ও সমাজের চাপ, সব মিলিয়ে চলতে থাকে গল্প। আর সে গল্পের নামই ‘একসাথে আলাদা’।

বিজ্ঞাপন

ঈদুল ফিতরে হইচইতে মুক্তি পাচ্ছে রেজাউর রহমান পরিচালিত ওয়েবফিল্ম ‘একসাথে আলাদা’। আজ রোববার, ৮ মার্চ হইচই-এর সকল সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার।

১ ঘণ্টা ব্যাপ্তির রোমান্টিক-কমেডি ঘরানার ফিল্মটির নির্মাতা রেজাউর রহমান। হইচই-তে এটাই হতে যাচ্ছে তার প্রথম কাজ।

সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় মুখ ইয়াশ রোহান ও পারসা ইভানা। সেই সাথে এই জুটিকে হইচই-এর পর্দায় প্রথমবার একসাথে দেখা যাবে। তাদের দুইজনকে ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেকেই।

সিনেমাটি গল্প ও চিত্রনাট্য লিখেছেন রেজাউর রহমান ও কারিনা কায়সার। প্রযোজক সৈয়দ আহমেদ শাওকি, নির্বাহী প্রযোজক শাহরিয়ার ইসলাম। সিনেমাটোগ্রাফি করেছেন ইশতিয়াক হোসেন, এডিটর মাহফুজুল হক আশিক, মিউজিক খৈয়াম সানু সন্ধি, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ, মেকআপ আর্টিস্ট ছিলেন কাজী অস্মিতা প্রাঞ্জলি ও সুজন বেপারী। কস্টিউমে স্বপ্না রানী বাইন এবং আর্ট ডিরেক্টর মো. রিংকু।

তাদের রসায়ন বরাবরই দর্শকদের পছন্দের, আর এই ফিল্মে তাদের একদম নতুন ও রিলেটেবল অবতারে দেখা যাবে।

ফিল্মটির পরিচালক রেজাউর রহমান আগে সমসাময়িক গল্পের জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি বলেন, ‘এই গল্পটা মূলত আজকের সময়ের সম্পর্কগুলোকে ঘিরেই। ভালোবাসা আছে, কিন্তু একই সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতা, কাজের চাপ— সব মিলিয়ে সম্পর্কের সমীকরণ বদলে যাচ্ছে। ট্রেইলারের মাধ্যমে আমরা সেই গল্পের একটা আভাস দিতে চেয়েছি। ইয়াস আর পারসা দুজনেই দারুণ অভিনয় করেছেন। আশা করছি, পুরো ফিল্মটা দেখে দর্শক আনন্দ পাবে।’

অভিনেতা ইয়াস রোহান বলেন, ‘স্ক্রিপ্টটা পড়েই মনে হয়েছিল এটা খুব পরিচিত এক গল্প— যা আমাদের চারপাশেই ঘটে। সেজন্যই এতে যুক্ত হই আমি। রেজাউরের সঙ্গে কাজ করা সবসময়ই উপভোগ্য। ট্রেইলর প্রকাশ হলো, আশা করছি ওয়েবফিল্মটি মুক্তির পর দর্শকরা আরও ভালো কিছু পাবেন।’

অভিনেত্রী পারসা ইভানা বলেন, ‘এই চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং নতুন ধরনের। যদিও এটি রোমান্টিক কমেডি, কিন্তু এর মধ্যে অনেক সূক্ষ্ম অনুভূতির জায়গা আছে। ট্রেইলারে সেই আবহের একটা ঝলক দেখা যাবে। ইয়াসের সঙ্গে কাজ করাও খুব ভালো লেগেছে, আমরা দুজনই চেষ্টা করেছি গল্পের আবেগটা ঠিকভাবে তুলে ধরতে।’

আগামী ১৯ মার্চ হইচই-তে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন