ওটিটিতে দেখা যাবে নাজিফা তুষির ‘অ্যানি’

ওটিটিতে দেখা যাবে নাজিফা তুষির ‘অ্যানি’

আন্তর্জাতিক প্রিমিয়ারের পর অবশেষে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্‌ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের নতুন ওয়েব সিরিজ ‘অ্যানি’। প্রযোজক এহসানুল হক জানান, সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ ও অভিনেত্রী নাজিফা তুষি।

বিজ্ঞাপন

নাজিফা তুষি বলেন, ‘আমরা মূলত দেশের দর্শকদের জন্যই চলচ্চিত্র ও সিরিজ তৈরি করি। দর্শক কীভাবে এটি গ্রহণ করেন, তা দেখতে মুখিয়ে আছি। আশা করি, তাদের ভালো লাগবে।’

সম্প্রতি মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘রইদ’র আগেই ‘অ্যানি’র শুটিং করেছিলেন তুষি। নিজের সবচেয়ের প্রিয় কাজগুলোর তালিকায় এ সিরিজটি রাখছেন তিনি। পরীক্ষাধর্মী নির্মাণশৈলীর কারণে এই সিরিজে অভিনয় তার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা ছিল।

তুষি বলেন, ‘হয়ত সবার সিরিজটি ভালো লাগবে না। তবে যারা সাদের কাজের সঙ্গে পরিচিত, তারা নিশ্চয়ই এটি উপভোগ করবেন। আমার বিশ্বাস, যারা সিরিজটি দেখবেন, তারা একধরনের তৃপ্তিদায়ক অভিজ্ঞতা পাবেন।’

গত জুনে জার্মানির সিরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে বিশ্ব প্রিমিয়ারের পর থেকেই ‘অ্যানি’ নিয়ে আগ্রহ বাড়তে থাকে।

আন্তর্জাতিক ওই উৎসবে সিরিজটি ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানান এহসানুল হক। তার বিশ্বাস, দেশের দর্শকরাও সিরিজটি সাদরে গ্রহণ করবেন।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, দর্শক “অ্যানি” উপভোগ করবেন। এর গল্প বলার ধরন ও উপস্থাপনা দর্শকদের নতুন ও ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেবে।’

আইস্ক্রিনে মুক্তি বিষয়ে গত বুধবার চ্যানেল আই কার্যালয়ে একটি চুক্তি সই হয়। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রযোজক এহসানুল হক, সহপ্রযোজক শিহাব নুরুন নবী ও তানভীর হোসেনসহ সংশ্লিষ্টরা।

‘অ্যানি’ একটি ডিস্টোপিয়ান নাটক, যেখানে চরম সংকটের গল্প উঠে আসে। গল্পের কেন্দ্রে রয়েছে অ্যানি নামের এক তরুণ নার্স, যিনি একটি ছোট শহরে একাই তার পাঁচ ছোট ভাইবোনকে বড় করার সংগ্রাম করেন। এ সময় বিশ্বজুড়ে এক রহস্যময় রোগ ছড়িয়ে পড়ে। এতে আক্রান্ত পুরুষরা নারীদের প্রতি নিয়ন্ত্রণহীন ঘৃণায় আচ্ছন্ন হয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন