পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘ বিরতির পর নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মোংলার শ্রমিক-কর্মচারীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততা ঘিরে সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৩ আগস্ট) বিকেলে মোংলা বন্দর সিবিএ কার্যালয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী। তফসিল ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিন পর কর্মচারী সংঘের নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. সোহাগ, মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, বিএনপি নেতা আ. রাজ্জাক, সিবিএর সাবেক নেতা জামাল উদ্দিন চৌধুরী জাহিদ, মোংলা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরউদ্দীন টুটুল এবং বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী।

নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে কর্মচারীদের মধ্যে সম্ভাব্য প্রার্থী, প্যানেল ও নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের সুযোগ তৈরি হওয়ায় এবারের নির্বাচনকে ঘিরে সাধারণ কর্মচারীদের মধ্যেও বাড়তি আগ্রহ রয়েছে। কারা প্রার্থী হচ্ছেন, কোন প্যানেলে কারা থাকছেন এবং শেষ পর্যন্ত কর্মচারীদের সমর্থন কোন পক্ষের দিকে যায়—এসব বিষয় নিয়েই এখন চলছে নানা আলোচনা।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২৩ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট খসড়া ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে। ২৭ আগস্ট আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ৩০ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এরপর ৩১ আগস্ট মনোনয়নপত্র বিক্রি, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা এবং ৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৬ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ এবং ৮ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সবশেষে ১৫ সেপ্টেম্বর গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. জুলফিকার আলী বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত নতুন কমিটি কর্মচারীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের কর্মপরিবেশ ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে।

দীর্ঘদিন পর সিবিএ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় মোংলা বন্দরের কর্মচারীদের মধ্যে নেতৃত্বের পরিবর্তন ও নতুন কমিটির কার্যক্রম নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটিতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতি থাকায় নির্বাচনটি রাজনৈতিকভাবেও আলোচনায় এসেছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে কোন প্যানেল বা প্রার্থী কর্মচারীদের আস্থা অর্জন করতে পারেন, সেটিই নির্ধারণ করবে নতুন নেতৃত্ব।

প্রার্থীদের মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের পর নির্বাচনী মাঠের চিত্র আরো স্পষ্ট হবে। প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হলে দীর্ঘ পাঁচ বছর পর মোংলা বন্দরের সিবিএ নির্বাচন আরো জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন