ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

বিনোদন রিপোর্টার

ঈদে আসছে ‘দেনা পাওনা’র সাত পর্বের স্পেশাল সিরিজ

মধ্যবিত্ত পরিবারের চেনা জীবনের গল্প, আবেগ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে দারুণ জনপ্রিয় হওয়া ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হলেও দর্শকদের জন্য রয়ে গেছে বড় চমক। ঈদুল আজহা উপলক্ষে বিশেষভাবে নির্মিত হয়েছে সাত পর্বের বিশেষ সিরিজ ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’।

সম্প্রতি সিনেমাওয়ালার অফিসিয়াল পেজে এই ঈদ স্পেশালের ঘোষণা ও ট্রেলার প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকদের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

নাটকটির কিছু ঝলক শেয়ার করে সিনেমাওয়ালার পক্ষ থেকে জানানো হয়, সাত পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’ আসছে ঈদের দ্বিতীয় দিন থেকে। সিরিজটি পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। পর্দার এই তুমুল জনপ্রিয় নাটকটি বিশেষ আয়োজনে ফিরে আসার খবরে উচ্ছ্বসিত এর নিয়মিত দর্শকরা। দীর্ঘ পথচলায় খাইরুল-নীপা (অ্যালেন শুভ্র ও তাবাচ্ছুম ছোঁয়া), শওকত মাস্টার (শহীদুজ্জামান সেলিম) কিংবা শহীদ (মুসাফির সৈয়দ বাচ্চু) চরিত্রগুলো যে দর্শকদের মনে কতটা গভীরভাবে গেঁথে গিয়েছিল, তা মন্তব্যঘরে দর্শকদের প্রতিক্রিয়া দেখলেই স্পষ্ট হয়। এক দর্শকের মন্তব্য, ‘দেনা পাওনা নাটক ছাড়া ঈদ ঈদ লাগত না।’ ধারাবাহিকটির গল্প ও মেকিং দর্শকদের এতই মুগ্ধ করেছিল যে, অনেকেই নাটকটি আরো দীর্ঘ করার অনুরোধ জানিয়েছেন। এক দর্শক লিখেছেন, চাইলে আপনারা এইটা কন্টিনিউ করতে পারতেন। নির্মাতা কে এম সোহাগ রানা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, শেষ হয়েও শেষ হচ্ছে না এই ধারাবাহিক। তবে এবারের কোরবানি স্পেশালের গল্পে কিছুটা ভিন্নতা থাকছে এবং এর সঙ্গে মূল ধারাবাহিকের সরাসরি কোনো ধারাবাহিকতা থাকবে না বলে জানিয়েছিলেন। নাটকটিতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, এম এন ইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, এমডি আবু বকর রোকন ও তানজিম হাসান অনিকসহ অনেকে। আসছে ঈদুল আজহায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এই বিশেষ সাত পর্বের সিরিজটি প্রচার করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...