সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ফরিদপুরের সদরপুরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল নয়টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে সদরপুরেও একযোগে এ কার্যক্রম শুরু হয়।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানকালে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এ সময় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনকারী ওষুধ ছিটানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং নিজেদের বসতবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন