আগামী ১৪ আগস্ট আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে হলিউডের নতুন সায়েন্স ফিকশন, মিস্ট্রি ও সারভাইভাল থ্রিলার সিনেমা ‘দ্য এন্ড অব ওক স্ট্রিট’। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে।
ডেভিড রবার্ট মিশেল পরিচালিত এই সিনেমায় কেন্দ্রীয় প্ল্যাট পরিবারের বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে, ইউয়ান ম্যাকগ্রেগর, মেইসি স্টেলা ও ক্রিশ্চিয়ান কনভেরি।
গল্পের মূল প্রেক্ষাপট: ১৯৮০-এর দশকের সাধারণ এক শহরতলির ওক স্ট্রিটে বসবাস করে প্ল্যাট পরিবার। হঠাৎ এক রহস্যময় মহাজাগতিক ঘটনায় তাদের পুরো এলাকা পৃথিবীর স্বাভাবিক স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ অচেনা এক জায়গায় গিয়ে পড়ে। ঘরের বাইরে পা রাখতেই চেনা শহরতলির বদলে তারা দেখে প্রাগৈতিহাসিক বিশাল জঙ্গল এবং চার পাশে ঘুরে বেড়ানো ভয়ংকর ডাইনোসর। মূল রাস্তা থমকে গেছে এক বিশাল খাদের কিনারায়।
অচেনা পরিবেশ, প্রাগৈতিহাসিক হিংস্র প্রাণী এবং পারিবারিক অভ্যন্তরীণ টানাপোড়েনের মুখোমুখি হয়ে সন্তানদের রক্ষা ও বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ে নেমে পড়ে পরিবারটি।
পরিচালক ডেভিড মিশেল জানান, শৈশবে মিশিগানের নিজ এলাকায় হাঁটার সময় রাস্তার শেষ প্রান্তকে ঘিরে যে রহস্যময় অনুভূতি তাঁর হতো, সেখান থেকেই এই সিনেমার ভাবনার সূত্রপাত। তিনি কেবল ডাইনোসরভিত্তিক সিনেমা না বানিয়ে সাধারণ একটি পারিবারিক আবহের মধ্যে চরম অস্বাভাবিকতা ফুটিয়ে তুলতে চেয়েছেন। চলচ্চিত্রে অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ের অভিনয় নিয়েও ব্যাপক প্রশংসা করেন পরিচালক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

