সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার বংশবিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযানের উদ্বোধন করা হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার পাশ ও আশপাশের জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হতে এবং বাড়ি ও কর্মস্থলের আশপাশে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, নশরতপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম ও দুলাল হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, রহিম উদ্দিন ডিগ্রি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি এবং যুবদল নেতা শাহ রিয়ন সরকার প্রমুখ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

