অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্বের দৌড়ে ৫টি সিনেমা

অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কোন সিনেমাটি লড়বে, তা জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আসরে জমা পড়েছে দেশের পাঁচটি আলোচিত সিনেমা। এই পাঁচটির মধ্য থেকেই একটি ছবি বেছে নেওয়া হবে, যা বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করবে।

জমা পড়া সিনেমাগুলো হলো:

বিজ্ঞাপন

মানুষের বাগান: সমাজ ও জীবনের নানা জটিলতার গল্প নিয়ে নূরুল আলম আতিকের নির্মিত এই ছবি। পাঁচটি আলাদা গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে সম্পর্কের টানাপোড়েন। ছবিটি ইতোমধ্যে বিভিন্ন উৎসব থেকে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে।

রইদ: ‘হাওয়া’ খ্যাত মেজবাউর রহমান সুমনের পরিচালিত ছবি ‘রইদ’। মায়ের কাছে শোনা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সাদু ও তার মানসিক সমস্যায় ভোগা স্ত্রীর জীবনসংগ্রাম ও সম্পর্কের চিত্র এখানে এঁকেছেন পরিচালক।

দম: আফগানিস্তানে জিম্মি হওয়া এক বাংলাদেশির সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি। ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

দেলুপি: খুলনার দেলুটি এলাকার জীবন, প্রাকৃতিক দুর্যোগ (বন্যা ও নদীভাঙন) এবং স্থানীয় রাজনীতি ও ক্ষমতার সংঘাতের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম।

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল: মনিরুল আকাশ হকের তৈরি এই সিনেমায় ব্ল্যাক কমেডি বা ব্যঙ্গাত্মক ঢঙে বিশ্ববিদ্যালয়ের হল সংস্কৃতি, র‍্যাগিং ও ছাত্ররাজনীতির অন্ধাকার দিক তুলে ধরা হয়েছে।

চূড়ান্ত ছবি বাছাইয়ের জন্য চেয়ারপারসন জহিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি জুরি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্য সদস্যরা হলেন সাজ্জাদ শরিফ, শাহীন দিল-রিয়াজ, রাশেদ জামান, অপি করিম, সাইয়্যিদ শাহজাদা আল কারীম ও শাহরীন আক্তার সুমি।

কমিটির সম্মিলিত মূল্যায়ন শেষে আগামী ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ী সিনেমার নাম ঘোষণা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন