বড় শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’ শাহজাদা মামুনের মূল গল্পে এবং প্রখ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ঈদের ৩য় দিন, শুধুমাত্র বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে।
চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল ‘হিপনোসিস’। এই একটি ছোট্ট দুর্ঘটনাই কীভাবে দু’টি একা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই নান্দনিকভাবে ফুটে উঠেছে এই গল্পে।
পরিচালক মুশফিকা মাসুদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এই শহরে প্রতিদিন অসংখ্য প্রাণী অসহায়ভাবে ঘুরে বেড়ায়—একটু মায়া, একটু আশ্রয়ের আশায়। অথচ আমরা প্রায়ই ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলে ভাবি, তার পুরো জীবনটাই জুড়ে থাকে সেই মানুষের সঙ্গে, যে তাকে আশ্রয় দিয়েছে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই ভাবনাটা থেকেই ‘লাভ সিটার’-এর গল্প বলতে চেয়েছি। আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল হিপনোসিস—এই তিনটি চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পটিই খুঁজে দেখার চেষ্টা করেছি। এটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে—যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। 'লাভ সিটার' সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক। এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি—কারণ কখনো কখনো মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণীর সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।’
এএম সিনেমার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। নির্মাতাদের অনবদ্য চিত্রনাট্য ও পরিচালনার স্পর্শে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। এছাড়া কন্টেন্টটির সার্বিক সহযোগিতায় পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পোলার আইসক্রিম এবং বিউটি পার্টনার হিসেবে আছে ইহরাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

