অভিনেত্রী হিসেবে প্রশংসিত তানজিকা আমিন। তিনি দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন। নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিয়মিত অভিনয়ের কারণে বেশ প্রশংসিত হয়ে আসছেন। এবারের ঈদকে কেন্দ্র করে আবারও তানজিকা আলোচনায়। তার অভিনীত দুটি নাটক এরই মধ্যে প্রচারে এসেছে। একটি আশিকুর রহমানের ‘লিলিথ’ এবং অন্যটি রাফাত মজুমদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’।
লিলিথ নাটকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন সাখাওয়াত হোসেন। অন্যদিকে আমি একজন খুনী বলছি নাটকটি রচনা করেছেন অর্ক মোস্তফা। এর মধ্যে লিলিথ নিয়েই আলোচনা ও প্রশংসা বেশি দেখা গেছে। সে আলাপের মধ্যেই জানা গেল, অচিরেই আসছে তানজিকা আমিন অভিনীত দুটি সিনেমা। লিলিথ নাটকে তানজিকা আমিন অভিনয় করেছেন একজন সিঙ্গেল মাদারের ভূমিকায়।
অন্যদিকে আমি একজন খুনী বলছি নাটকে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায়। লিলিথে তানজিকা আমিনের অনবদ্য অভিনয় এরই মধ্যে দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
নাটকে অভিনয় প্রসঙ্গে তানজিকা আমিন বলেন, ‘লিলিথ নাটকে অভিনয়ের জন্য আমি এত প্রশংসা পাচ্ছি যে, এখন অনেকটা লজ্জাই লাগছে। লিলিথ নাটকে যখন অভিনয় করি, যথারীতি আমার চরিত্রটি ভীষণ মন দিয়ে করি। কাজটি করার সময় এতটুকু বুঝতে পেরেছিলাম যে, নাটকটি দর্শকের ভালো লাগবে। কিন্তু ভাবতে পারিনি দর্শক এতটা পছন্দ করবে।’
লিলিথ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর কথা হচ্ছে। নাটকের গল্প পছন্দ করেছেন দর্শক। সেই সঙ্গে তারা পছন্দ করেছেন তানজিকার অভিনয়ও। যদিও সিঙ্গেল মাদার চরিত্রে অভিনয় নিয়েই সবাই প্রশংসা করছেন। নাটকে সিঙ্গেল মাদারের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল একাকী নারীর যাত্রা। সে যাই হোক, তানজিকা আমিনের অভিনয় বরাবরই প্রশংসিত। তিনি এর আগে ‘মহানগর’ সিরিজে স্বল্প স্ক্রিন টাইমেও অভিনয় দিয়ে প্রশংসিত হন। গত বছর চরকিতে মুক্তি পাওয়া ‘ডিমলাইট’ ওয়েব ফিল্মে মোশাররফ করিমের সঙ্গে তার জুটিও পছন্দ করেছেন দর্শক।
তানজিকা আমিন জানিয়েছেন, ওয়েব কনটেন্ট ও নাটকের পাশাপাশি তাকে সিনেমায়ও দেখা যাবে। মুক্তির অপেক্ষায় আছে তার দুটি সিনেমা। এর মধ্যে একটি হলো রাজীব সালেহীন পরিচালিত ‘রবি ইন ঢাকা’ এবং রাশিদ পলাশ পরিচালিত ‘রঙ বাজার’।
দুটি সিনেমায়ই তিনি গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। রঙ বাজার মুক্তির কথা অনেক দিন ধরেই চলছে। বিভিন্ন কারণে মুক্তি পিছিয়েছে সিনেমাটির। তবে শিগগির সিনেমাটি মুক্তি পাবে বলে জানান এই অভিনেত্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

