তরুণ চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’ আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সিনেমাটি এবার ইতালির ‘সান জিওভান্নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়াল সিলেকশন লাভ করেছে। শনিবার (৩ অক্টোবর) উৎসব পরিচালক মার্কো পিরাস আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান সিনেমা কিং লিমিটেডকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ জানান, এই সিলেকশনের মাধ্যমে ইতালির কোনো উৎসবে সিনেমাটির হ্যাটট্রিক পূর্ণ হলো। এর আগে ইতালির ‘গলফ অফ নেওপল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘ময়না’ ‘বেস্ট ফিল্ম প্রডাকশন’ পুরস্কার অর্জন করে এবং ‘কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ সেমি ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপের প্রাচীন সংস্কৃতি ও চলচ্চিত্রের দেশ ইতালিতে একের পর এক এই স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের কদর বাড়ারই প্রমাণ দেয়।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং ‘ময়না’র প্রযোজক আলিমুল্লাহ খোকন সিনেমাটির ব্যবসায়িক ও আন্তর্জাতিক অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের বিশ্ব ভালোবাসা দিবসে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তবে পরবর্তীতে পবিত্র রমজানের মর্যাদা রক্ষায় এর প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
ইতালির এই উৎসব ছাড়াও ‘ময়না’ ইতোমধ্যে বিশ্বজুড়ে বহু উৎসবে সমাদৃত হয়েছে। এর মধ্যে লন্ডনের ইএমএমএএস বিবিসি মাল্টি-কালচারাল ফিল্ম ফেভিস্টাল, দক্ষিণ কোরিয়ার অপোরিয়া ও দেওজন উৎসব, আমেরিকার ইজিপ্টিয়াম আমেরিকান উৎসব, ভারতের গোল্ডেন জুরি ও আহমেদাবাদ উৎসব, কম্বোডিয়া এশিয়ান উৎসব এবং বাংলাদেশের সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যতম।
গ্রামের একটি সাধারণ মেয়ের সামাজিক প্রতিবন্ধকতা পেরিয়ে সফল হওয়ার গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, সুব্রত, মোমেনা চৌধুরী, সুচনা, জারা ও নাদের চৌধুরী। সিনেমাটিতে ‘ময়না’র শিশু চরিত্রে দুর্দান্ত অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছেন শিশুশিল্পী জান্নাতুল ভোর।
আন্তর্জাতিক পরিবেশক সংস্থা সিনেমা কিং লিমিটেড জানিয়েছে, উৎসবে যোগ দিতে পরিচালক মেঘ সরাসরি ইতালিতে উপস্থিত থাকবেন এবং সেখানে একটি চলচ্চিত্র বিষয়ক কর্মশালা পরিচালনা করবেন। এছাড়া এই সফরেই ইতালি ও সিনেমা কিং লিমিটেডের যৌথ প্রযোজনায় একটি নতুন চলচ্চিত্রের চিত্রগ্রহণে অংশ নেবেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

