একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেবের কণ্ঠে ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি প্রকাশিত হয় নব্বইয়ের দশকে। সে সময়ই গানটি সুপারহিট হয়। গানটি লিখেছিলেন আহমেদ রিজভী। সুর ও সংগীত পরিচালনা করেছিলেন প্রণব ঘোষ। যেহেতু এটি ক্যাসেটের যুগের গান ছিল, তাই প্রকাশের পরপরই শ্রোতা-দর্শকের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। গানটি আজও শ্রোতা-দর্শকের কাছে ভীষণ প্রিয়।
বহু বছর পর যখন ইউটিউবের যুগ এলো, সময়ের প্রয়োজনে শুভ্র দেবও তার কণ্ঠের এই জনপ্রিয় গানটি নিজের ইউটিউব চ্যানেল ‘শুভ্র দেব অফিশিয়াল’-এ ২০২০ সালের ৯ জুন প্রকাশ করেন। প্রকাশের পর থেকে আজ পর্যন্ত গানটি আড়াই কোটিরও বেশি দর্শক-শ্রোতা উপভোগ করেছেন।
গানটি প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে শুভ্র দেব বলেন, ‘এ মন আমার পাথর তো নয়’ গানটি ইউটিউবে ২৫ মিলিয়ন ভিউ পার হয়ে গেল, কোনো বুস্টআপ ছাড়াই। আসলে স্যাড সং, ভালো কথা ও সুরের গান এখনো মানুষের হৃদয়ের গভীরে বেঁচে আছে—এটাই আশার কথা। কিছু মানুষের কথা বলতেই হয়। আমার প্রিয় বন্ধু মান্নান আহমেদ কীবোর্ড বাজিয়েছিলেন, সেলিম হায়দার ভাই লিড গিটার, ফরিদ ভাই বেস গিটার এবং পুলক রিদম প্রোগ্রামিং করেছিলেন। সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু। আহমেদ রিজভী তখন অনেক তরুণ ছিলেন। তারই লেখা ছিল, আর প্রণব ঘোষ অসাধারণ সুর সৃষ্টি করেছিলেন। সাউ-টেকের বাবুল ভাই আমার প্রিয় মানুষ।’
তিনি আরো বলেন, ‘প্রথম ২২ দিনে তখনকার সময়ে প্রায় ৯৪ হাজার কপি ক্যাসেট বিক্রি হয়েছিল। পরে মুম্বাইয়ের সুপারস্টার মিঠুন চক্রবর্তী দাদা এই গানটি শুনে ‘ভাগ্য দেবতা’ সিনেমার টাইটেল গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমাকে দিয়ে গাইয়েছিলেন। আমি ছাড়াও এই ছবিতে আরো কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ ও অভিজিৎ। এই গানটি যিনি রিকশা চালান তিনিও জানেন, আবার যিনি ডাক্তারি করেন তিনিও জানেন।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

