শ্রীমঙ্গলকে নিয়ে কায়েস আজিজের সৃষ্টিশীল ভাবনা ও কথায় নির্মিত মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’-এ কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী বাংলাদেশিদের প্রিয় সংগীতশিল্পী রুবায়েত জাহান।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। এরই মধ্যে শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘দেশের গান নিয়ে আমার আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন একটি গান করার ভাবনাটি আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং কেন এটি সত্যিকার অর্থেই ‘রূপসী শ্রীমঙ্গল’, তা গানে সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজা কাশেফ একজন অসাধারণ কম্পোজার। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে, তবে এই গানটি সে আরো ভালো গেয়েছে।’
কায়েস আজিজ বলেন, ‘আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন—এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। রাজা কাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, একবার শুনলে শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। রুবায়েত আপাকেও ধন্যবাদ, গানটিকে হৃদয়ে ধারণ করে গাওয়ার জন্য।’
গানটি শিগগির ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ পাবে। ধ্রুব গুহ বলেন, ‘গানটি আমি ইতোমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে এটি সত্যিই এক অনবদ্য সৃষ্টি।’
কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়ভিত্তিক নিউজ পোর্টাল আনআরবি ফাইন্যান্স ডটকমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, আসিফ আকবরের আরো একটি একক গান শিগগির প্রকাশ হওয়ার কথা রয়েছে। গানটির গীতিকার ও সুরকার তরুণ মুন্সী এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

