নওগাঁর ধামইরহাট উপজেলায় মাত্র দুইশত টাকা দিয়ে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন হোসেন (২৫)। আর এই দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে নিজের জীবন দিতে হয় মুস্তাকিনকে।
বুধবার দুপুরে উপজেলা জাহানপুর ইউনিয়নের বড়শিবপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত যুবক ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় মুস্তাকিনের মা রেশমা খাতুন (৫৫) গুরতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে বড়শিবপুর এলাকার জলিল উদ্দিনের ছেলে রতন (১৮) এর নিকট থেকে কারেন্ট জাল বন্ধক নেন মুস্তাকিন। বুধবার দুপুরে জালের টাকা নিয়ে দুপক্ষের মাঝে হাতাহাতি হয়। একপর্যায়ে রতন ধারালো হাসুয়া দিয়ে মুস্তাকিনকে আঘাত করেন।
পরে তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, নিহত মুস্তাকিন ও রতন উভয়ই মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

