গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আখক্ষেত থেকে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. রফিকুল মৃধাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার রাতে ফরিদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩-এর (ফরিদপুর ক্যাম্প) সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার। তিনি জানান, ঘটনাটির বিস্তারিত তথ্য জানাতে শনিবার দুপুর ১২টায় ফরিদপুর র‍্যাব-১০ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এর আগে, বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আইনদ্দীন প্রামাণিকপাড়া এলাকার রফিকুল মৃধার পুকুরপাড় সংলগ্ন একটি আখক্ষেত থেকে নবীরন বেগম (৫৫) নামে এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

নবীরন বেগম উপজেলার দুলাল বেপারী পাড়ার আব্দুর রহিম শেখের স্ত্রী।

এ ঘটনায় গতকাল তার মেয়ে জুলেখা আক্তার গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন।

চাঞ্চল্যকর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরিবার প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের দাবি করলেও স্থানীয়দের অভিযোগ ছিল—হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনাটি ধামাচাপা দিতে মোটা অঙ্কের অর্থ লেনদেনের চেষ্টা চালানো হয়েছিল।

ঘটনার পরপরই গোয়ালন্দ ঘাট থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন