উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ এক আরসা সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার দিবাগত মধ্যরাতে র‍্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মোহাম্মদ জহির (১৯) উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ২ নম্বর ব্লকের বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের একটি দল রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘মরাগাছতলা মাল্টিপারপাস কমিউনিটি অ্যান্ড সার্ভিস সেন্টার’-এর সামনের সড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহির স্বীকার করেছেন, তিনি ‘আরসা’র একজন সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে অস্ত্র বহনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

র‍্যাব কর্মকর্তা আ. ম. ফারুক জানান, অবৈধ অস্ত্র বহনের অভিযোগে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার জহিরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন