বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে ‘পাহাড়ে ঈদ’ অনুষ্ঠানে এবার নয় জাতিগোষ্ঠীর শিল্পীদের বর্ণিল পরিবেশনা দেখা যাবে। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরেছেন। বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় দুই পর্বে সাজানো এ অনুষ্ঠান ঈদের চতুর্থ দিন এবং পঞ্চম দিন বিটিভি, চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীদের নাচ-গানের পরিবেশনায় ধারণ করা হয় পাহাড়ে ঈদ অনুষ্ঠান। ভ্যালেন্টিনা ত্রিপুরার উপস্থাপনায় দুই পর্বের সাজানো এ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাত জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে।
এছাড়া প্রতি পর্বে পার্বত্য এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর লোকজন পাহাড়ে ঈদ আয়োজন নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

