আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঈদ ‘ইত্যাদিতে তমা মির্জা-হিমির নৃত্য চমক

বিনোদন রিপোর্টার

ঈদ ‘ইত্যাদিতে তমা মির্জা-হিমির নৃত্য চমক

ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সব সময়ই নিত্যনতুন ভাবনা নিয়ে হাজির হয় দর্শকদের মাঝে। বিশেষ করে ঈদ ইত্যাদির বর্ণাঢ্য আয়োজনের সাথে একাত্ম হয়ে ওঠে মানুষের মন। লক্ষ কোটি মানুষ যেমন অপেক্ষা করে ঈদের জন্য, তেমনি অপেক্ষা করে ইত্যাদির জন্যও।

যে কারণে অনেক দর্শকই বলেন, ‘ইত্যাদি না দেখলে যেন ঈদের আনন্দ পরিপূর্ণ হয়ে ওঠে না’। দিন যতই যাচ্ছে, ইত্যাদি যেন আরও বেশি সৃজনশীল, প্রাণবন্ত ও জনপ্রিয় হয়ে উঠেছে। আর এর কারণ ইত্যাদির প্রাণপুরুষ হানিফ সংকেত। যিনি একাধারে এই অনুষ্ঠানটির উপস্থাপক, পরিচালক, গ্রন্থক, চিন্তক ও পরিচালক।

বিজ্ঞাপন

ঈদের বিশেষ ইত্যাদির একটি অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর একটি নৃত্য। নন্দিত নির্মাতা হানিফ সংকেত এবারের ইত্যাদিতেও একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজন করেছেন। আর এই নাচটিতে অংশগ্রহণ করেছেন দুই ভুবনের দুজন, জনপ্রিয় অভিনয় তারকা। চলচ্চিত্র তারকা তমা মির্জা ও টিভি তারকা জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে রয়েছে একদল নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

উল্লেখ্য, ইত্যাদির ঈদ অনুষ্ঠানের নাচটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। সময়ের জনপ্রিয় তারকারা এতে অংশগ্রহণ করে থাকেন।

ফাগুন অডিও ভিশন জানায়, সবসময় যে ধরনের নাচ এবং নাচের মিউজিক শুনে দর্শকরা অভ্যস্ত ইত্যাদির নাচগুলিকে তার চাইতে একটু ব্যতিক্রমী করতে চেষ্টা করা হয়। তৈরি করা হয় নতুন মিউজিক। নাচটিকে ফুটিয়ে তোলার জন্য শিল্পীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। নিয়মিত মহড়া দিয়েছেন। অংশগ্রহণকারী সবাই ছিলেন নাচটির ব্যাপারে খুবই আন্তরিক। এ ধরনের নূতন নূতন বিষয়ে নৃত্য পরিবেশন করতে পেরে শিল্পীরাও আনন্দিত। অনুষ্ঠানে নৃত্যশিল্পীরাও নেচেছেন দুর্দান্ত। যে কারণে সবকিছু মিলিয়ে এবারে ঈদের ইত্যাদির এই নাচটি হবে অসাধারণ। হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নাচটির সংগীত পরিচালনা করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ। এবারের নাচের মিউজিকটিতে রয়েছে ক্লাসিক্যাল, ফোক ও আধুনিক কম্পোজিশানের সংমিশ্রণ। মিউজিকে যেমন নতুনত্ব রয়েছে তেমনি নাচের কম্পোজিশনেও রয়েছে বৈচিত্র্য।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...