ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

ইরানি হামলায় কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘিত, বলল বাহরাইন

কুয়েতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। এসব হামলাকে কুয়েতের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইন ও প্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি।

বিজ্ঞাপন

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে।

বিবৃতিতে বলা হয়, কুয়েতের নিরাপত্তাকে নিজেদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে বাহরাইন।

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে নিজ দায়িত্ব পালন এবং ইরানকে আন্তর্জাতিক আইন ও সংশ্লিষ্ট চুক্তির বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করতে দৃঢ় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন।

ইরানকে আঞ্চলিক দেশ ও জনগণের ওপর হামলা বন্ধ করার পাশাপাশি হরমুজ প্রণালি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নৌপথে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত এবং জলদস্যুতা প্রতিরোধের আহ্বানও জানিয়েছে দেশটি।

এর আগে ইরানের সামরিক বাহিনী দাবি করে, কুয়েতে মার্কিন সামরিক বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আজ সকালে কুয়েতের আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা, সামরিক স্থাপনা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এতে যোগাযোগ ব্যবস্থা ও যুদ্ধবিমানের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ বিমানঘাঁটিতে মার্কিন সামরিক সদস্যদের একটি আবাসস্থল ও রাডার ব্যবস্থায় হামলা চালানোর দাবিও করেছে ইরানের সামরিক বাহিনী।

এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরান থেকে আসা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন