আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইত্যাদির মিউজিক্যাল ড্রামায় তারকা সমাবেশ

বিনোদন রিপোর্টার

ইত্যাদির মিউজিক্যাল ড্রামায় তারকা সমাবেশ

বরাবরের মতো এবারও ঈদের আনন্দকে বহুগুণে বাড়িয়ে দিতে আসছে ঈদের বিশেষ ইত্যাদি। ঈদ ইত্যাদির বিভিন্ন নান্দনিক ও মজার পর্বের মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদেই যুক্ত হয় নিত্য-নতুন সব বিষয়। এবারের ঈদে উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের নানান সমস্যা নিয়ে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা।

আর এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, নাসির উদ্দিন খান ও আরফান আহমেদ।

বিজ্ঞাপন

ইদানিংকালে আমাদের চারপাশে নানান অনিয়ম ভর করেছে। নানাভাবে বাড়ছে প্রতারিত হওয়ার ঘটনা। যুগের বাতাসে যেন বিশ্বাস ভঙ্গের গন্ধ! এই বিশ্বাসের প্রতি অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, তাদের সঙ্গে বিক্রেতা হিসাবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

মিউজিক্যাল ড্রামাগুলোতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ, রাজিব, পুলক অধিকারী, মৌরী, নোশিন তাবাসসুম স্মরণ ও তানজিনা রুমা। সংগীত পরিচালনা করেছেন মেহেদী ও আকাশ মাহমুদ।

সবকিছু মিলিয়ে বলা যায়, এবারের ঈদের আনন্দের সাথে একাত্ম হয়ে আনন্দের মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে প্রিয় উপস্থাপক হানিফ সংকেত নির্মিত এ অনুষ্ঠানটি। আর সেজন্যে ঈদের সময় অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করেন তাদের প্রিয় এই অনুষ্ঠানটির জন্য।

প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...