নুহাশ পল্লীর নির্জনে...

নুহাশ পল্লীর নির্জনে...

‘চলো না যাই

বসি নিরিবিলি

বিজ্ঞাপন

দুটি কথা বলি নিচু গলায়।

আজ তোমাকে ভোলাবই আমি

আমার মিষ্টি কথামালায়।’

হ্যাঁ, মিষ্টি কথার ফুলঝুরিতে কারো মন ভোলাতে না পারলেও ‘নুহাশ পল্লী’র শান্ত ও নীরব পরিবেশ হৃদয়ে শান্তির পরশ বুলিয়ে দেবে। পাশে প্রিয়জন কেউ থাকুক আর না-ই থাকুক, চারপাশের স্নিগ্ধ-শ্যামল রূপ এক নির্মল আনন্দে মনকে আবিষ্ট করে রাখবে সারা দিন। কী এক অদ্ভুত ভালো লাগা বুকের ভেতর দোল দিয়ে যাবে, লিখে বোঝানো সম্ভব নয়।

দিনটি ছিল বৃহস্পতিবার। সহকর্মী ফাল্গুনীকে নিয়ে রওনা হলাম ঢাকার যানজট ছাড়িয়ে কোলাহলমুক্ত নুহাশ পল্লীর একান্ত নিরিবিলি, নির্জন পরিবেশে। ফাল্গুনীর মা, খালাম্মাও আমাদের সফরসঙ্গী হয়েছিলেন। খালাম্মা আজ বেঁচে নেই; কিন্তু তার স্মৃতি এখনো জীবন্ত ও অম্লান হয়ে আছে।

গাজীপুর জেলার হোতাপাড়ায় পিরুঝালীর নিবিড় অরণ্যে ‘নুহাশ পল্লী’ অবস্থিত, যেখানে কোনো গাড়ির শব্দ নেই, শুধু কান পেতে শোনা যায় সবুজ বৃক্ষরাজির মধ্যে লুকিয়ে থাকা পাখির কলকাকলি। বৃক্ষের শ্যামল ছায়ায় বিশুদ্ধ বাতাসে শরীর শীতল হবে, স্নিগ্ধ-সতেজ আবেশে মন হবে মুগ্ধ; তেমনি সারি সারি গজারির সবুজ রূপ দেখে চোখ জুড়িয়ে যায়।

ঘনবসতিপূর্ণ ঢাকা শহর ছেড়ে আমরা জয়দেবপুর পৌঁছালাম সকাল ৮টা নাগাদ। সেখান থেকে ২০ কিলোমিটারের মতো দূরে ‘নুহাশ পল্লী’। গাজীপুর চৌরাস্তা থেকে ১২ কিলোমিটার দূরে হোতাপাড়া বাজার। সেখান থেকে আট কিলোমিটার দূরে পিরুঝালী গ্রামে অবস্থিত ‘নুহাশ পল্লী’।

প্রয়াত কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ তার মনের মাধুরী মিশিয়ে ‘নুহাশ পল্লী’র শৈল্পিক রূপ দিয়েছেন। একজন মানুষের স্বপ্ন কত তীব্র আর কল্পনাশক্তি কত শক্তিশালী হলে এত সুন্দর বাসস্থান গড়া সম্ভব, নিজের চোখে না দেখলে তা বিশ্বাস করা যায় না! ১৯৯৭ সালে হ‍ুমায়ূন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে ৪০ বিঘা জায়গা নিয়ে তৈরি করেন ‘নুহাশ পল্লী’।

নুহাশ-পল্লীর-নির্জনে-২

‘নুহাশ পল্লী’র প্রধান ফটকের ডান পাশে মা-ছেলের সাদা ভাস্কর্য কিছুক্ষণের জন্য আপনার গতিরোধ করবে। আরেকটু সামনে এগোলেই সুইমিং পুল, পাশেই একটি বিশাল ড্রাগনের প্রতিমূর্তি। সেইসঙ্গে নানা রঙের ফুল ও গাছের ছায়ায় ঘেরা একটি দৃষ্টিনন্দন ভবন, যে ভবনটিতে কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ ঘুমাতেন। সাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের বাসভবনের জানালার পাশে হাতে ফলের ডালি নিয়ে দাঁড়ানো সুন্দরী রমণীর চিত্রমূর্তি (প্রতিচিত্র) নুহাশ পল্লীতে আগত উৎসুক, ভ্রমণপিপাসু দর্শনার্থীদের উদ্দেশে যেন বলছে—

‘ফুলের অঞ্জলি হাতে

ছুঁয়ে দিতে দাও

যেয়ো না, যেয়ো না;

একটু দাঁড়াও!

একটুখানি বসে যাও।’

পাশেই বসার টেবিল ও চেয়ার পাতা রয়েছে। ভবনের পাশেই রয়েছে ছোট্ট একটি পুকুর। পুকুরের পাশে দাঁড়ানো তাম্রবর্ণের মূর্তিটি যেন হাত উঁচিয়ে দুষ্টু ছেলের দলকে সাবধান করছে—‘খবরদার! পুকুরে ঢিল ছুড়বে না।’

সামনের দিকে যতই এগোচ্ছি, ততই অনুভব করছি শৈল্পিক হ‍ুমায়ূন আহমেদকে। সামনে সুপ্রসারিত মাঠ, যেন সবুজ কার্পেটে মোড়ানো। মাঠের একপাশে জনপ্রিয় কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদ চিরনিদ্রায় শুয়ে আছেন। সেই শোকে কাতর গাছের পাতাগুলো উদাস, ভাবলেশহীন। যেন অবনত মস্তকে প্রার্থনায় রত। নুহাশ পল্লীর পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে সমাধি। চারদিকে কাচের দেয়াল। ভেতরে অনেকটা জায়গা নিয়ে শ্বেতপাথরের সমাধি। মাথার পাশে কাচের ওপর হ‍ুমায়ূন আহমেদের স্বাক্ষর করা ফলক। পুরো জায়গাজুড়ে সুনসান নীরবতা। এই চত্বরের প্রতিটি ধূলিকণা-বালুকণায়, সবুজ ঘাসে, জলে-স্থলে, পাখির কূজনে আর বিশুদ্ধ বাতাসে যেন সবার প্রিয় হ‍ুমায়ূন আহমেদ মিশে আছেন।

চোখজুড়ানো সবুজ ঘাসের গালিচা বিছানো বিস্তৃত মাঠ। মাঠের মাঝখানে একটি গাছ, যে গাছটির ওপর দুটি ছোট ছোট কাঠের ঘর। কতটা রসিক মনের ব্যতিক্রমী চিন্তার অধিকারী হলে এমন মজার চিন্তা মাথায় আসে! যে গানের কথা দিয়ে লেখাটি শুরু করেছি, সেই গানটি বহুমুখী প্রতিভার অধিকারী হ‍ুমায়ূন আহমেদের লেখা—‘নয় নম্বর বিপদ সংকেত’ ছবির। এই গানটি ছবির নায়িকা গাছটির সঙ্গে লাগোয়া কাঠের সিঁড়িতে বসেই গান। আর নায়ক গাছের ছোট ঘরে বসে বই পড়তে থাকে।

নুহাশ-পল্লীর-নির্জনে-3

আরো একটু সামনে এগোলে ডানে আরেকটি ভবন ‘বৃষ্টিবিলাস’, যেখানে শুটিং করতে গিয়ে ইউনিটের লোকজন থাকতেন। এখন ভবনটিতে কর্মচারীরা থাকেন। সামনে নানা প্রজাতির গাছ লাগানো রয়েছে।

মনোরম নির্জন প্রাকৃতিক পরিবেশে ৪০ বিঘার এ বাগানবাড়িতে ফল, কাঠ ও ভেষজ গুণাবলির কয়েকশ প্রজাতির গাছ রয়েছে। এখানে ২৫০ প্রজাতির দুর্লভ ঔষধি, মসলাজাতীয় ফলদ ও বনজ গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে নাম এবং বৈজ্ঞানিক নামও লেখা রয়েছে, সেঁটে দেওয়া আছে পরিচিতি ফলক, যা দেখে গাছ চেনা যাবে সহজেই। শিক্ষার্থীদের অনেক কিছু শেখার রয়েছে। বিশেষ করে উদ্ভিদবিজ্ঞানে যারা পড়াশোনা করে, তাদের জন্য বেশি জরুরি।

গাছের ফাঁক দিয়ে দেখা যায় ছোট্ট পুকুর—যেদিকে তাকালে মৎস্যকন্যার কৃত্রিম রূপে চোখ আটকে যায়, কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। পাশেই রয়েছে ভয়ংকর ড্রাগনের মূর্তি, যা বাচ্চাদের আনন্দ দেবে।

নুহাশ-পল্লীর-নির্জনে-4

একটুখানি সামনে হাঁটলে জিরাফ, সজারুসহ বিভিন্ন প্রাণীর মূর্তি। হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগলে একটুখানি বসতে পারেন পাশেই সিমেন্টের তৈরি গোল চত্বরে, কিংবা আরো বেশি মজা পেতে হলে দোলনায় বসে হাওয়ায় দোল খেতে পারেন।

আরেকটু সামনে ‘লীলাবতী দীঘি’। ‘লীলাবতী দীঘি’র পাশে সিমেন্টে খোদাই করা লেখা রয়েছে—

‘নয়ন তোমারে পায় না দেখিতে

রয়েছে নয়ন নয়নে।’

দীঘির ওপর রয়েছে একটি কাঠের সুন্দর ব্রিজ বা সেতু, রয়েছে সানবাঁধানো ঘাট, চারপাশে সারি সারি সবুজ গাছ। এমন মনোহর দৃশ্য অবলোকনে কার মন না আকৃষ্ট হবে! দীঘির স্বচ্ছ পানিতে গাছের ছায়া পড়ে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করেছে। দীঘির পানির সঙ্গে সবুজ গাছের যেন গভীর মিতালি হয়েছে—এ রূপ সত্যিই তুলনাহীন! দুর্নিবার ইচ্ছে ছিল ‘লীলাবতী’র টলমলে পানিতে একটু পা ভেজাতে, কিন্তু পানি সিঁড়ির নিচে নেমে যাওয়ায় সম্ভব হলো না।

দীঘির পাড়ে পাশেই ‘ভূতবিলাস’ ভবনটি আপনার দৃষ্টি কাড়বে। অন্য পাশে শুটিংয়ের জন্য একটি মাটির ঘরও রয়েছে।

নুহাশ পল্লী শুধু খ্যাতিমান কথাসাহিত্যিক, স্বপ্নের ফেরিওয়ালা হ‍ুমায়ূন আহমেদের স্বপ্নপুরী নয়, আমাদের সবার শান্তির পটভূমি। তাই ‘নুহাশ পল্লী’ রক্ষার দায়িত্ব রাষ্ট্রের এবং সম্মিলিতভাবে আমাদের সবার।

যেভাবে যাবেন : গুলিস্তান থেকে জয়দেবপুর পর্যন্ত বাসে যেতে লাগবে ১০০ থেকে ১৪০ টাকা। এরপর টেম্পোতে ‘নুহাশ পল্লী’ পর্যন্ত যেতে লাগবে ৮০ থেকে ১০০ টাকা। আসা-যাওয়ার জন্য ৫০০ থেকে ৬৫০ টাকা। ১২ বছরের ওপরে জনপ্রতি টিকিট লাগবে ২০০ টাকা। ৫০০-৬০০ টাকা পকেটে পুরে বেরিয়ে পড়তে পারেন ‘নুহাশ পল্লী’র শান্ত রূপ-মাধুর্যে চোখ জুড়াতে, মন ভরাতে। তাহলে আর দেরি কেন?

লেখক : ফিচার ইনচার্জ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...