দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকার পাশাপাশি হামের উপদ্রবও উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, একই সময়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রামে ১০৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১৫ জন, ঢাকা উত্তর সিটিতে ১১০ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৩ জন, খুলনায় ১৪১ জন, ময়মনসিংহে ৮০ জন, রাজশাহীতে ১২৮ জন, রংপুরে ৭২ জন এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মোট মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। এর মধ্যে চলতি মাসের প্রথম ২০ দিনেই মারা গেছেন ১১২ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৯৭ জন। আক্রান্তদের মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ এবং ৩৭.৯ শতাংশ নারী।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অন্য একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুরা ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে হামের উপসর্গে ১ হাজার ২১৭ শিশু আক্রান্ত হয়েছে এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।
এই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭ জনে। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন এবং নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ১৯৯ জন। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪৯৯ জন হামের উপসর্গের রোগী এবং ৩৪ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতাল থেকে সুস্থ হয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু ছাড়পত্র লাভ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


