দুপুরে ছোট মাছের কয়েক পদ

দুপুরে ছোট মাছের কয়েক পদ

ছোট মাছ খেতে যেমন সুস্বাদু, তেমনি চোখের জন্যও ভালো। তা ছাড়া মাংসের নানা পদ খেতে খেতে অনেকেরই একঘেয়েমি চলে আসে। মুখের স্বাদ বদলাতে তাই রান্নার আয়োজনে রাখতে পারেন ভিন্ন স্বাদের ছোট মাছের কয়েকটি পদ। আজ দুপুরের খাবারের মেনু সাজানো হয়েছে ছোট মাছের সুস্বাদু কিছু তরকারি দিয়ে। ছবি ও রেসিপি দিয়েছেন রোজিনা আক্তার

বিজ্ঞাপন

মাখা-মাখা ঝোলে ছোট মাছ

উপকরণ

পাঁচমিশালি ছোট মাছ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচামরিচ ৬টি ফালি করা, মরিচগুঁড়া আধা চা চামচ, হলুদগুঁড়া আধা চা চামচ, ধনেগুঁড়া আধা চামচ, তেল প্রয়েজনমতো (আধা কাপ), লবণ স্বাদমতো ও পানি পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাছ দিয়ে আলতোভাবে মসলা মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি শুকিয়ে ঝোল মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মাখা-মাখা ঝোলের সুস্বাদু ছোট মাছের তরকারি।

ছোট মাছের চচ্চড়ি

উপকরণ

যেকোনো ছোট মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচামরিচ ফালি ৬-৮টি, গুঁড়া মরিচ আধা চা চামচ, হলুদগুঁড়া আধা চা চামচ, ধনেগুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো, পানি পরিমাণমতো ও ধনেপাতাকুচি ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একটি পাত্রে ছোট মাছ নিয়ে তাতে সব মসলা দিয়ে ভালোভাবে মেখে নিন। তারপর মসলা মাখানো মাছ প্যানে দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। মাছ থেকে বের হওয়া পানি শুকিয়ে আসা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পানি শুকিয়ে মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধনেপাতা ছড়িয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার ছোট মাছের চচ্চড়ি। সুস্বাদু এই চচ্চড়ি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

ট্যাংরা মাছ

উপকরণ

ট্যাংরা মাছ ৪০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, হলুদগুঁড়া আধা চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, রসুনবাটা আধা চা চামচের কম, জিরাগুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ ফালি ৮টি (কিংবা স্বাদমতো), ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো ও সরষের তেল পরিমাণমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে। কড়াইতে মাছ আর ধনেপাতা ছাড়া বাকি উপকরণ ভালো করে হাত দিয়ে কচলে মেখে নিতে হবে। এরপর মাছ আর পরিমাণমতো পানি দিয়ে চুলার আঁচে বসাতে হবে। কয়েকবার সাবধানে নাড়তে হবে। মাছ হয়ে গেলে ধনেপাতাকুচি ছড়িয়ে দিয়ে ২ মিনিট রেখে নামিয়ে নিতে হবে।

কাজলি মাছের ঝোল

উপকরণ

কাজলি মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা চামচ, হলুদগুঁড়া আধা চা চামচ, মরিচগুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৪-৫টি, টমেটোকুচি ১টি, ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছে হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ মেখে ১০ মিনিট রেখে দিন। একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজ নরম হয়ে এলে সব মসলা, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে ২ কাপ পানি দিয়ে ফুটতে দিন। অন্য একটি ফ্রাইপ্যানে তেল গরম করে মাছগুলো হালকা লালচে করে ভেজে নিন। এরপর ভাজা মাছগুলো ফুটন্ত ঝোলে দিয়ে দিন। টমেটোকুচি যোগ করুন। কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে সামান্য ঝোল রেখে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মাছের ঝোল।

মলা মাছ চচ্চড়ি

উপকরণ

মলা মাছ ৩০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, কাঁচামরিচ ফালি ৭-৮টি, মরিচ, হলুদ, ধনেগুঁড়া আধা চামচ করে, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।

প্রস্তুত প্রণালি

মাছ কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর রান্নার কড়াইয়ে সব মসলা একসঙ্গে মিশিয়ে নিন। এবার মাছ দিয়ে আলতোভাবে মসলা মাখিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি শুকিয়ে তরকারি মাখা-মাখা হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মলা মাছের চচ্চড়ি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন