ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘সম্মিলিত ছাত্র ঐক্য’ নামে তিন সদস্যের একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে জান্নাতি বুলবুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে বাংলাদেশ স্টাডি ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং কার্যনির্বাহী সদস্য পদে তালহা নেগাবান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ সময় বলা হয়, প্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৬ তারিখ মনোনয়নপত্র চূড়ান্ত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্ণাঙ্গ প্যানেল উপস্থাপন করা হবে।
ভিপি প্রার্থী জান্নাতি বুলবুল বলেন, ‘সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমিটমেন্ট এবং বিশ্বাস। আমরা শিক্ষার্থী এবং দেশের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করেছি, তার প্রতিটি শব্দ ও তাৎপর্যে আমরা আস্থাশীল।’
তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড় পরিবর্তন হয়েছে অল্প কয়েকজন শিক্ষার্থীর হাত ধরে। ১৯৬৩ সালে সিরাজুল আলম খানের নেতৃত্বে তিন শিক্ষার্থীর উদ্যোগে স্বাধীনতার বীজ বপন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ই ছিল সেই পরিবর্তনের সূতিকাগার।
সম্মিলিত ছাত্র ঐক্যের ৭ অঙ্গীকার
১. ঢাকা বিশ্ববিদ্যালয়কে সত্যিকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
২. সবার জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা।
৩. শিক্ষার্থীদের স্বার্থবিরোধী আধিপত্য, লেজুড়বৃত্তি ও রাজনৈতিক দাপটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা।
৪. গেস্টরুম নির্যাতন, সন্ত্রাস, দলবাজি ও চাঁদাবাজি মুক্ত বৈষম্যহীন পরিবেশ গঠন।
৫. শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও ভাতা নিশ্চিত করা।
৬. প্রথম বর্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে হলে বৈধ সিট বরাদ্দ নিশ্চিত করা।
৭. শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যকর উদ্যোগ ও বরাদ্দ নিশ্চিত করা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

