ডাকসু নির্বাচন

ছাত্রীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না: ভিপি প্রার্থী আবিদুল

ছাত্রীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না: ভিপি প্রার্থী আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে নির্বাচনি আমেজ। প্রার্থীরা নানান প্রতিশ্রুতি ও অভিযোগ-প্রত্যাশা তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে। নারী শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, ভোটাধিকার প্রয়োগের প্রশ্ন এমনকি প্রার্থিতা বাতিল নিয়ে বিতর্কÑসব মিলিয়ে ক্যাম্পাসে নির্বাচনি উত্তেজনা তুঙ্গে।

শনিবার অমর একুশে হলে ছাত্রদলের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনটির ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, আমরা ভ্রাতৃত্বপূর্ণ এবং কোয়ালিটিফুল রাজনীতি চাই। পারস্পরিক প্রতিযোগিতা থাকবে, তবে তা হবে যোগ্যতার মানদণ্ডে।

বিজ্ঞাপন

নারী শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের বর্তমান নীতিমালাকে ‘ডাইনোসর যুগের আইন’ উল্লেখ করে তিনি এর সমালোচনা করেন। আবিদুল বলেন, একজন নারী শিক্ষার্থী বৈধ কার্ড থাকার পরও অন্য হলে গিয়ে প্রচার চালাতে পারে না। ছেলেরা যেমন হলে হলে গিয়ে প্রচার চালাচ্ছে, মেয়েরা তা পারে না। এতে ডাকসু নির্বাচনে নারী শিক্ষার্থীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না।

এই ভিপি প্রার্থী জানান, ছাত্রদলের প্যানেলের পক্ষ থেকে নারী শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দাবিতে শিগগির স্মারকলিপি দেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অপসংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিবর্তন হবে। নির্বাচিত হলে স্বাস্থ্য ও আবাসন হবে তাদের প্রথম অগ্রাধিকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন