আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা কলেজ প্রতিনিধি

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার উদ্যোগে রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির কলেজ শাখার নেতা কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি আজকের উপস্থিত মন্ত্রী মহোদয়ের আসনে অবস্থিত। আশা করি, আমাদের কলেজের অবকাঠামোগত উন্নয়নে তিনি লক্ষ্য রাখবেন। এছাড়া আমাদের হল এবং আবাসন সংকটের দিকেও তিনি দৃষ্টি রাখবেন। বিশেষ করে আমাদের পরিবহন সংকট হয়েছ। এ সময় কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে কলেজের সকল সংকট ও সমস্যা সমাধানের জন্য মন্ত্রীর নিকট আহ্বান জানান তিনি। 

নাসির উদ্দিন নাসির বলেন, আপনারা অনেকেই জানেন যে গতকাল রাতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দর উপর ছাত্রশিবিরের এক ধরনের হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে ছাত্রদলের পক্ষ থেকে আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গতকাল যারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে হামলা করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।

ছাত্রশিবির ছাত্রদলের ওপর দোষ চাপাচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, গতকাল হামলার পরে পবিত্র মাহে রমজানের মধ্যেও ছাত্রশিবির মিথ্যা প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর দোষ চাপানোর এক ধরনের পায়তারা করেছে। এখন আমরা দেখেছি গণমাধ্যমে তারা বলেছে যে, ছাত্রদল নাকি ছাত্রলীগ হয়ে ফিরে আসতেছে তারা গণমাধ্যমে অভিযোগ করেছে।

আহ্বায়ক পিয়াল হাসানের তোলা দাবি দাওয়া সম্পর্কে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকা কলেজের সভাপতি বেশ কিছু দাবি-দাওয়া করেছেন। যেহেতু ঢাকা কলেজে আমারি আসনের মধ্যে এসব আমার নজরে আছে, আমলে আছে। ডেফিনেটলি এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে কোন কার্পণ্যতা থাকবে না অগ্রাধিকারের ভিত্তিতে আমিও এসব সমস্যার সমাধান করব। 

মন্ত্রী আরও বলেন, দেশের জনগণ আমাদের গুরু দায়িত্ব দিয়েছে। রাষ্ট্র পরিচালনার ভার আমাদের ওপর দিয়েছে। এই রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি আমাদের সফল হতে হয়, জনবান্ধব করতে হয়, জনগণের কল্যাণে রাজনীতি করতে হয় তাহলে আমাদের রাজনীতিতে আচরণগত ও অনুশীলনগত পরিবর্তন দরকার এবং আমি বিশ্বাস করি ছাত্রদলের নেতাদের মাধ্যমে সেই পরিবর্তন নিশ্চিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন