চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ও সোমবার পৃথক অভিযান চালিয়ে চার মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারটি মামলায় তাদের তিন দিন থেকে এক মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের । পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এদিকে ফৌজদারি মামলায় মোশারফ (৪২) ও হাসান (৩৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১টা ৪৫ মিনিটে বারইয়ারহাট বাজারের রেলগেটসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. ইসমাইল হোসেনকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন রাতে জোরারগঞ্জের গেরামারা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

