আইইডিসিআরের গবেষণা

আইসিইউতে কাজ করছে না অধিকাংশ অ্যান্টিবায়োটিক

আইসিইউতে কাজ করছে না অধিকাংশ অ্যান্টিবায়োটিক
ফাইল ছবি

দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট (এমডিআর) জীবাণুর সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটির এক গবেষণায় দেখা গেছে, দেশে মোট সংক্রমণের ৫৫ শতাংশই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর কারণে হচ্ছে। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে এই হার ৯৩ শতাংশ।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে ‘বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সার্ভেইল্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় প্রতিবেদনের ফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে মূল উপস্থাপনা দেন আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক জাকির হোসেন হাবীব। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নমুনা বিশ্লেষণ ও জীবাণুর ধরন

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নজরদারিতে দেশের আটটি বিভাগের ল্যাবরেটরি থেকে সংগৃহীত মোট ৯৯ হাজার ৮৬৭টি নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৮৫ হাজার ৫২০টি কালচার-পজিটিভ আইসোলেট চূড়ান্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে; যার ৫ দশমিক ১ শতাংশ কেস-ভিত্তিক নজরদারি এবং ৯৪ দশমিক ৯ শতাংশ ল্যাবরেটরি-ভিত্তিক নজরদারি থেকে সংগৃহীত। নমুনা প্রদানকারীদের মধ্যে ৫৯ শতাংশ নারী ও ৪১ শতাংশ পুরুষ। বয়সভিত্তিক বিশ্লেষণে সবচেয়ে বেশি নমুনা ২১ থেকে ৩০ বছর বয়সীদের (১৫ দশমিক ৮ শতাংশ) এবং ৫১ থেকে ৭০ বছর বয়সীদের সম্মিলিতভাবে ২৮ দশমিক ৩ শতাংশ পাওয়া গেছে।

শনাক্তকৃত জীবাণুগুলোর মধ্যে ৭৮ শতাংশই গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া। এর মধ্যে এককভাবে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ই. কোলাই (৩৩ শতাংশ) এবং এরপর রয়েছে ক্লেবসিয়েলা নিউমোনি (২১ শতাংশ)। নমুনার ধরন অনুযায়ী শীর্ষ তিনটি জীবাণুর মধ্যে প্রজননতন্ত্রের নমুনায় ই. কোলাই, স্ট্রেপটোকক্কাস প্রজাতি ও স্ট্রেপটোকক্কাস অ্যাগালাক্টি; মলের নমুনায় সালমোনেলা প্রজাতি, ভিব্রিও কলেরি ও শিগেলা প্রজাতি এবং নিম্ন শ্বাসনালির সংক্রমণে ক্লেবসিয়েলা নিউমোনি, সিউডোমোনাস অ্যারুগিনোসা ও অ্যাসিনেটোব্যাক্টর বাউমানি কমপ্লেক্স প্রধানত শনাক্ত হয়েছে।

এ ছাড়া প্রস্রাবের নমুনায় ই. কোলাই, ক্লেবসিয়েলা নিউমোনি ও এন্টারোকক্কাস ফিকালিস; রক্তের নমুনায় সালমোনেলা টাইফি, অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতি ও ই. কোলাই এবং ত্বক ও নরম টিস্যুর সংক্রমণে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সিউডোমোনাস অ্যারুগিনোসা ও ক্লেবসিয়েলা নিউমোনি সবচেয়ে বেশি পাওয়া গেছে।

অ্যান্টিবায়োগ্রাম ও ওষুধের কার্যকারিতা

২০২২ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সংগৃহীত তথ্যের সামগ্রিক অ্যান্টিবায়োগ্রামে দেখা গেছে, ১৪টি অ্যান্টিবায়োগ্রামের ১ হাজার ১১৮টি জীবাণু-অ্যান্টিবায়োটিক ফলাফলের মধ্যে ৭১ শতাংশ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার নিচে নেমে এসেছে। সামগ্রিক তালিকায় ১৪০টি পরীক্ষিত ফলাফলের মধ্যে ৭৩টিতে সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার কম এবং মাত্র ৩৭টিতে ৮০ শতাংশের ওপরে রয়েছে। আইসিইউতে পরিস্থিতি আরও নাজুক; সেখানে ৬৯টি পরীক্ষিত ফলাফলের মধ্যে ৬২টিতে সংবেদনশীলতা ৬০ শতাংশ বা তার নিচে এবং মাত্র ৫টিতে ৮০ শতাংশের ওপরে পাওয়া গেছে।

আইইডিসিআর জানায়, এন্টারোব্যাক্টেরালস গোত্রের জীবাণুর বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন ও তৃতীয় প্রজন্মের সেফালোস্পোরিন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ই. কোলাইয়ের বিরুদ্ধে সেফট্রায়াক্সোনের কার্যকারিতা মাত্র ৪১ শতাংশ এবং সিপ্রোফ্লক্সাসিনের ৩৮ শতাংশ। তবে কার্বাপেনেমস, অ্যামিকাসিন ও ফসফোমাইসিন এখনো ই. কোলাইয়ের বিরুদ্ধে কার্যকর রয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতির জীবাণু কেবল কলিস্টিনের (৯৪ শতাংশ) প্রতি নির্ভরযোগ্যভাবে সংবেদনশীল পাওয়া গেছে। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস আইসোলেটের প্রায় অর্ধেকই মেথিসিলিন-রেজিস্ট্যান্ট স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (এমআরএসএ)। প্রস্রাবের সংক্রমণে ই. কোলাইয়ের বিরুদ্ধে ফসফোমাইসিন (৯৬ শতাংশ) ও নাইট্রোফুরানটোইন (৮১ শতাংশ) কার্যকর থাকলেও টাইফয়েড জ্বরের জীবাণু সালমোনেলা টাইফি (২২ শতাংশ) এবং আমাশয়ের জীবাণু শিগেলার (৯ শতাংশ) বিরুদ্ধে সিপ্রোফ্লক্সাসিন কার্যকারিতা হারিয়েছে।

এমডিআর প্রবণতা ও আইসিইউ পরিস্থিতি

প্রতিবেদনে দেখা গেছে, সব ধরনের চিকিৎসাকেন্দ্র মিলিয়ে ৫৫ শতাংশ জীবাণু এমডিআর বা একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, যেখানে নন-এমডিআর জীবাণু ৪৫ শতাংশ। কিন্তু আইসিইউতে এমডিআর জীবাণুর হার ৯৩ শতাংশ এবং নন-এমডিআর মাত্র ৭ শতাংশ। অর্থাৎ সামগ্রিক পরিস্থিতির তুলনায় আইসিইউর রোগীদের মধ্যে এমডিআর জীবাণু শনাক্ত হওয়ার প্রবণতা ১ দশমিক ৭ গুণ বেশি।

সাতটি অগ্রাধিকারপ্রাপ্ত জীবাণুর বার্ষিক এমডিআর প্রবণতায় দেখা গেছে, ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) চারটি জীবাণুরই এমডিআর হার দুই-তৃতীয়াংশ ছাড়িয়ে গেছে। এর মধ্যে এন্টারোকক্কাস ফিসিয়ামের এমডিআর হার ২০২৩ সালের ৫৪ দশমিক ১ শতাংশ ও ২০২৪ সালের ৪৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ৭২ দশমিক ৫ শতাংশ এবং ২০২৬ সালে ৮২ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অ্যাসিনেটোব্যাক্টর প্রজাতির এমডিআর হার ২০২২ সালে ৬৮ শতাংশ, ২০২৩ সালে ৬৯ দশমিক ৯ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ৬ শতাংশ ও ২০২৫ সালে ৭০ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৭৪ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে।

ক্লেবসিয়েলা নিউমোনির এমডিআর হার ২০২২ সালে ৫৭ দশমিক ৬ শতাংশ, ২০২৩ সালে ৬১ শতাংশ, ২০২৪ সালে ৬১ দশমিক ৩ শতাংশ ও ২০২৫ সালে ৫৬ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৬৯ দশমিক ১ শতাংশ হয়েছে। ই. কোলাইয়ের এমডিআর হার ২০২২ সালে ৬২ দশমিক ৮ শতাংশ, ২০২৩ সালে ৬৪ শতাংশ, ২০২৪ সালে ৬০ দশমিক ৫ শতাংশ ও ২০২৫ সালে ৫৭ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ৬৯ দশমিক ৩ শতাংশ হয়েছে।

এ ছাড়া এন্টারোকক্কাস ফিকালিসের এমডিআর হার ২০২৩ সালে ৩০ দশমিক ৯ শতাংশ, ২০২৪ সালে ২৯ দশমিক ৫ শতাংশ ও ২০২৫ সালে ৩৬ শতাংশ থেকে ২০২৬ সালে ৩২ দশমিক ৫ শতাংশ রেকর্ড করা হয়েছে। তবে সিউডোমোনাস অ্যারুগিনোসার এমডিআর হার ২০২২ সালের ৫৮ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪৪ শতাংশে এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের এমডিআর হার ২০২২ সালের ৫৯ দশমিক ৭ শতাংশ থেকে কমে ২০২৬ সালে ৪৭ দশমিক ৪ শতাংশে নেমেছে। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত সামগ্রিক সংবেদনশীলতার প্রবণতায় দেখা গেছে, ২০২৩ সালের পর থেকে কার্বাপেনেমস ও অ্যামিকাসিনের কার্যকারিতা প্রতি বছরই কমছে।

হাসপাতালে অ্যান্টিবায়োটিক ব্যবহার

১৩টি সেন্টিনেল সাইট হাসপাতাল থেকে সংগৃহীত ১৯ হাজার ৩৮৬টি অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এর ৫৪ শতাংশ ব্যবহৃত হয়েছে আইসিইউতে (১০ হাজার ৪৭৪টি রেকর্ড), ৩৮ দশমিক ৯ শতাংশ সাধারণ ওয়ার্ডে (৭ হাজার ৫৪২টি রেকর্ড) এবং ৭ দশমিক ১ শতাংশ বহির্বিভাগ বা ওপিডিতে (১ হাজার ৩৭০টি রেকর্ড)।

স্থানভেদে শীর্ষ পাঁচটি ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের চিত্রে দেখা গেছে, আইসিইউতে মেরোপেনেম এককভাবে ৩০ দশমিক ৫ শতাংশ (৩ হাজার ১৯৯টি) এবং সেফট্রায়াক্সোন ২১ দশমিক ৭ শতাংশ (২ হাজার ২৭০টি) ব্যবহৃত হয়েছে। এরপর রয়েছে ভ্যানকোমাইসিন ৭ দশমিক ৬ শতাংশ (৭৯৪টি), মক্সিফ্লক্সাসিন ৬ শতাংশ (৬২৫টি) এবং মেট্রোনিডাজল ৪ দশমিক ৫ শতাংশ (৪৭৩টি)। সাধারণ ওয়ার্ডে সেফট্রায়াক্সোন এককভাবে ৩৮ দশমিক ৬ শতাংশ (২ হাজার ৯০৮টি) ব্যবহৃত হয়েছে; এ ছাড়া সিপ্রোফ্লক্সাসিন ১০ দশমিক ৮ শতাংশ (৮১২টি), মেরোপেনেম ৯ দশমিক ১ শতাংশ (৬৮৫টি), অ্যাজিথ্রোমাইসিন ৭ দশমিক ১ শতাংশ (৫৩২টি) এবং ফ্লুক্লক্সাসিলিন ৫ দশমিক ৩ শতাংশ (৪০২টি) ব্যবহৃত হয়েছে।

বহির্বিভাগে (ওপিডি) কোনো একটি একক ওষুধের ব্যবহার ১২ শতাংশ ছাড়ায়নি; সেখানে সেফিক্সিম ১১ দশমিক ৫ শতাংশ (১৫৮টি), সেফুরোক্সিম ও ক্লাভুলানিক অ্যাসিড ১০ দশমিক ৪ শতাংশ (১৪৩টি), সেফুরোক্সিম ৮ দশমিক ৫ শতাংশ (১১৬টি), লেভোফ্লক্সাসিন ৮ দশমিক ৪ শতাংশ (১১৫টি) এবং অ্যাজিথ্রোমাইসিন ৮ শতাংশ (১০৯টি) ব্যবহৃত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আইসিইউতে শনাক্তকৃত ক্লেবসিয়েলা নিউমোনির মাত্র ১৪ শতাংশ ইমিপেনেমের প্রতি এবং ওয়ার্ডের ই. কোলাইয়ের মাত্র ২২ শতাংশ সেফট্রায়াক্সোনের প্রতি সংবেদনশীল হওয়া সত্ত্বেও এসব ওষুধই বেশি ব্যবহৃত হচ্ছে।

প্রতিবেদনের উপসংহারে আইইডিসিআর জানিয়েছে, যেসব অ্যান্টিবায়োটিক দ্রুত কার্যকারিতা হারাচ্ছে, চিকিৎসাপত্রে সেগুলোর ওপরই বেশি নির্ভর করা হচ্ছে এবং কার্যকর ওষুধগুলো অব্যবহৃত থেকে যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ করে আইসিইউতে অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরোধী জীবাণুবাহী রোগীদের স্ক্রিনিং ও আইসোলেশন, হাত ধোয়া এবং পরিবেশগত পরিচ্ছন্নতা বজায় রেখে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার সুপারিশ করেছে সংস্থাটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...