শুধু ওষুধ নয়, সচেতনতা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

শুধু ওষুধ নয়, সচেতনতা জরুরি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। ফাইল ছবি

শুধু ওষুধ দিয়ে মানুষের সুস্থতা নিশ্চিত করা সম্ভব নয়, এর পাশাপাশি ব্যক্তিগত সচেতনতারও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের সুস্থ রাখার সবচেয়ে কার্যকর উপায় হলো মায়ের দুধ পান করানো, যা তাদের নানা রোগ থেকে সুরক্ষা দেয়।

বিজ্ঞাপন

সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আগের সরকার রাষ্ট্রীয় কোষাগারে পর্যাপ্ত অর্থ রেখে যায়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় বর্তমান সরকার হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশ-এর ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানিউলি এবরিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

এবার নারায়ণগঞ্জ জেলায় ৭টি স্থায়ী এবং ১,০৫৬টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩ লাখ ৩৭ হাজার ৪৩৫ জন শিশুকে টিকা দেওয়া হবে। এছাড়া, ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ সারা দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে।

গত ৫ এপ্রিল শুরু হওয়া প্রথম ধাপের কার্যক্রম চলবে ২৫ এপ্রিল পর্যন্ত এবং ১২ এপ্রিল শুরু হওয়া দ্বিতীয় ধাপ চলবে ১২ মে পর্যন্ত। সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...