টেকনিক্যাল মর্যাদাসহ ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের

টেকনিক্যাল মর্যাদাসহ ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের

টেকনিক্যাল মর্যাদা, নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেডে উন্নীত ও পদোন্নতিতে ধারাবাহিকতা বজায় রাখাসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন উপজেলা পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্টের ব্যানারে আয়োজিত দুদিনব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সহকারীরা এসব দাবি জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহস্রাধিক স্বাস্থ্য সহকারী এতে অংশ নেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য সহকারী হিসেবে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান, গর্ভকালীন চেকআপ, ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন বাস্তবায়ন, শিশুদের টিকাদানসহ মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও বছরের পর বছর ধরে আমরা বঞ্চিত। স্বাস্থ্য সহকারীদের কারণে কোভিড মোকাবিলায় সফল হয়েছে সরকার। কিন্তু আমাদের সমস্যার সমাধানে বহুবার আশ্বাস দিলেও তা পূরণ করা হয়নি।

ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মো. মিরাজুল ইসলাম বলেন, ‘একই যোগ্যতায় যারা ভ্যাকসিন সরবরাহ করছেন, তারা টেকনিক্যাল মর্যাদা পাচ্ছেন। অথচ টিকাদান প্রয়োগ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা দিয়েও আমরা নন-টেকনিক্যাল। এটা বৈষম্য। মাঠ পর্যায়ে প্রতিদিন এক লাখের বেশি শিশুকে আমরা টিকা দিই। কোভিড মহামারিতে আমাদের কারণেই রাষ্ট্র ‘ভ্যাকসিন হিরো’ হয়েছে। মৃত্যুঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি; অথচ আমরা বারবার পদোন্নতির দাবি জানালেও বঞ্চিত থেকেছি। এটি আর চলতে পারে না।’

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আওরঙ্গজেব বলেন, ‘আওয়ামী লীগ সরকার বারবার আমাদের আশা দিয়েছিল। কয়েকবার আমরা সভা-সমাবেশও করেছি। আমাদের দাবি যৌক্তিক মেনে নিয়ে সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু আমরা অধিকার বুঝে পাইনি। অন্তর্বর্তী সরকারকেও আমরা স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। তারপরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। ন্যায্য দাবি না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।’

১১ থেকে ২০তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান বলেন, ‘আমাদের দাবি খুবই যৌক্তিক। আমাদের অভিজ্ঞতার আলোকে সরকার চাইলেই টেকনিক্যাল মর্যাদা দিতে পারে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন