তরুণীদের মধ্যে দ্রুত বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগে গবেষকেরা

তরুণীদের মধ্যে দ্রুত বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগে গবেষকেরা

যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক সাম্প্রতিক গবেষণায় তরুণীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ার তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে, কোভিড-১৯ মহামারির পর স্থূলতা বৃদ্ধির প্রবণতা এ রোগের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস)-এর তথ্য বিশ্লেষণ করে গবেষণায় দেখা গেছে, ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ দ্রুত বাড়ছে। অন্যদিকে, বয়স্কদের মধ্যে এ রোগের হার স্থিতিশীল রয়েছে বা কিছু ক্ষেত্রে সামান্য কমেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টাইপ-২ ডায়াবেটিস শুধু রক্তে শর্করার মাত্রা বাড়ায় না, এটি হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য গুরুতর স্বাস্থ্য জটিলতার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। দাতব্য সংস্থা ডায়াবেটিস ইউকে জানিয়েছে, কম বয়সে এ রোগে আক্রান্ত হলে তা শরীরের ওপর আরও আক্রমণাত্মক প্রভাব ফেলে এবং অঙ্গহানি ও অকাল মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষণার প্রধান ড. শিবানী মিশ্র বলেন, তীব্র স্থূলতার কারণে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার গড় বয়স আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একসময় নির্দিষ্ট কিছু জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রোগটি বেশি দেখা গেলেও এখন শ্বেতাঙ্গ জনগোষ্ঠীর মধ্যেও এর প্রকোপ দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।

বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৬০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যার প্রায় ৯০ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন। বয়স্কদের রোগ হিসেবে পরিচিত হলেও এখন ৩০ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার মানুষ এ রোগে আক্রান্ত, যাদের বড় একটি অংশ তরুণী।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত ক্লান্তি, ঘন ঘন প্রস্রাব এবং অতিরিক্ত তৃষ্ণা টাইপ-২ ডায়াবেটিসের সাধারণ লক্ষণ। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এনএইচএস-এর ২০১৯ থেকে ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, মহামারির পর ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে স্থূলতার হার ১৬ শতাংশ এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে প্রায় ২০ শতাংশ বেড়েছে। গবেষকদের মতে, তরুণদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ক্রমবর্ধমান প্রবণতার পেছনে এটিই অন্যতম প্রধান কারণ।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন