ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় দৈনিক আমার দেশ কার্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর কারওয়ান বাজারস্থ আমার দেশ পত্রিকার প্রধান কার্যালয়ে দিনব্যাপী বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে আমার দেশ-এ কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। এমন আয়োজনের সুযোগ করে দেওয়ায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানায় ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ।
এর আগে সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ও প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। আর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহ. হাফিজুর রহমান, ডা. আজিজুল শরীফ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. দুলাল হোসেন, আব্দুল কুদ্দুসসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে আমার দেশ-এর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদের রক্তপরীক্ষাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শ দেওয়া হয়। এ সময় ১৬০ জনের সেরাম ক্রিয়েটিনিন, ১৫০ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও হেলথ কার্ড প্রদান করা হয়।
স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও কুসংস্কার দূর করতে এমন ক্যাম্প খুব জরুরি বলে মন্তব্য করেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার অ্যান্ড সার্জারি ইউনিটের ইনচার্জ ডা. মোহাম্মদ আজিজুল শরীফ। তিনি বলেন, আমার দেশ-এর কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করতে পেরে আমরা খুবই আনন্দিত। এখানকার পরিবেশ খুবই ভালো, আর এই আমার দেশ পরিবারের কেউ আমাদের হাসপাতালে এলে আমরা সবসময় বিশেষ সহযোগিতা করব।
ডা. মোহাম্মদ আজিজুল শরীফ বলেন, আমাদের দেশে অনেক কিডনি রোগী বেড়েছে, তাই আমরা বিভিন্ন মানবিক কাজের সঙ্গে যুক্ত থাকি। এখানে বিনামূল্যে সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা ও প্রেসার মাপাসহ প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


