কপ ৩১

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের দাবি

জলবায়ু অর্থায়নে উন্নত দেশগুলোর দায়িত্ব পালনের দাবি

জলবায়ু সংকটের জন্য ঐতিহাসিকভাবে দায়ী উন্নত ও বড় নির্গমনকারী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে অভিযোজন অর্থায়ন তিন গুণ করা, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক সহায়তা নিশ্চিত করা এবং জলবায়ু তহবিল সরাসরি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

তারা বলেন, কপ৩১-এ অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য না হওয়ায় তা সম্ভব হয়নি। বিদ্যমান আলোচ্যসূচির আওতায় আলোচনা চললেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা হয়নি। এ অবস্থায় অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ৩১ থেকেই সুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়নব্যবস্থা ও কার্যকর জবাবদিহি কাঠামো নির্ধারণের আহ্বান জানান তারা।

শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনস্থলের সংবাদ সম্মেলন কক্ষ-২-এর এরিয়া ডি-৪-এ ‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। স্থানীয় সময় সকাল ৯টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশন, ভারতের মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অব সাসটেইনেবিলিটি অ্যান্ড মিউচুয়ালিটি (মৌসম) এবং লিডার্স বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কপ৩১-কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটিকে বাস্তবায়ন ও জবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী, ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। বড় নির্গমনকারী দেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সীমা বজায় রাখার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। পাশাপাশি কার্বন নিঃসরণ দ্রুত ও উল্লেখযোগ্য হারে কমানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করতে হবে।

বক্তারা আরো বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি (লস অ্যান্ড ড্যামেজ) মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য তহবিলে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছ অর্থপ্রাপ্তির ব্যবস্থা গড়ে তুলতে হবে।

দক্ষিণ এশিয়ায় দুর্যোগের ক্ষতি বাড়ছে

ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। এসব দুর্যোগের প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং পুরো অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকাকে ক্ষতিগ্রস্ত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলারে পৌঁছালেও ঘোষিত অনুদান প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এ পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক সহায়তা ও অর্থায়নব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে তুলেছে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং পর্যাপ্ত ও কার্যকর অর্থায়ন নিশ্চিত করা প্রয়োজন।

নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থায় ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা বিদ্যমান। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে। অথচ প্রয়োজনীয় অর্থ পেতে তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এ ধরনের কাঠামো থেকে বেরিয়ে এসে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

অনলাইনে যুক্ত হয়ে জলবায়ু বিশেষজ্ঞ অজয় কুমার বলেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। অথচ বৈশ্বিক জলবায়ু অর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশি পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত। বিপরীতে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। অর্থায়নের এ বৈষম্য জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সংকট আরও গভীর করছে। তাই দক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

তৃণমূলের মানুষের কাছে পৌঁছাচ্ছে না অর্থায়ন

শ্রীলঙ্কার ফিয়ানের থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়নের মূল লক্ষ্য হওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তু নানা প্রতিশ্রুতি ও অর্থায়নব্যবস্থা থাকা সত্ত্বেও তৃণমূল পর্যায়ের মানুষের কাছে প্রয়োজনীয় অর্থ পৌঁছাচ্ছে না। বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন এসব অর্থায়নব্যবস্থার মাধ্যমে কীভাবে পূরণ হবে, সে প্রশ্নও রয়েছে। জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের কার্যকর ও সরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।

লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজবিষয়ক আলোচনায় জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে। এ সমস্যা মোকাবিলায় বিশেষায়িত অর্থায়নব্যবস্থা গড়ে তোলা জরুরি। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরের ক্ষেত্রে মানুষের মানবাধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করে প্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।

উন্নত দেশগুলোর অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম. এ. হাসান বলেন, প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী উন্নত দেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা রয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়; বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃত দায়িত্ব।

তিনি বলেন, কপ৩১-এর ক্লাইমেট ফাইন্যান্স ওয়ার্ক প্রোগ্রামে এ দায়িত্বের পরিধি ও অর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। বেসরকারি অর্থায়নের মাধ্যমে উন্নত দেশগুলোর ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবে না।

সংবাদ সম্মেলনে ভারতের সৌম্য দত্ত, বাংলাদেশের কোস্ট ফাউন্ডেশনের এম. এ. হাসান, নেপালের পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিসের প্রয়াস অধিকারী, শ্রীলঙ্কার ফিয়ানের থিলক কারিয়াওয়াসাম, ভারতের পৈরভির অজয় কুমার এবং লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...