অনার্স পর্যন্ত নারীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত নারীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত নারীদের বিনা খরচে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে নারীদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। দেশের জনসংখ্যার অর্ধেক নারী। নারী সমাজকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সরকার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এর সব খরচ সরকার বহন করবে।

তিনি বলেন, যেসব মেয়েরা ভালো ফলাফল করবে, তাদের জন্য সরকারি উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে। মেয়েদের মনোযোগ দিয়ে লেখাপড়া করে ভবিষ্যতে দেশের হাল ধরার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামগঞ্জের দরিদ্র পরিবারের প্রায় এক কোটি ২০ লাখ শিশুকে প্রতিবছর নতুন বইয়ের পাশাপাশি স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

নারীদের স্বাবলম্বী করার প্রসঙ্গে তিনি বলেন, দেশের চার কোটি পরিবারের মধ্যে নারীপ্রধান পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে দেশের প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। কিশোরগঞ্জে এ কার্যক্রমের উদ্বোধন করা হচ্ছে।

মাছের পোনা অবমুক্ত প্রসঙ্গে তারেক রহমান বলেন, এসব মাছ বড় হয়ে ডিম দিয়ে খাল-বিলে ছড়িয়ে পড়লে এর সুফল বাংলাদেশের মানুষই ভোগ করবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমসহ মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন