জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগ

জলাবদ্ধতায় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর দুর্ভোগ
স্কুলে জলাবদ্ধতা। ছবি: আমার দেশ

ভোলার দৌলতখানের এস এম হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ পথে জলবদ্ধতার কারণে বিদ্যালয়ে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই দুই বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীকে। উপজেলার ছোটধলী গ্রামের সেরু মাস্টার পোল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।

ফলে সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ ডুবে কাদাপানিতে একাকার হয়ে যায়।

বিজ্ঞাপন

জানা যায়, প্রায় দুই মাস ধরে বিদ্যালয়ে যাওয়ার পথে ও মাঠে পানি জমে থাকার কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্ভোগ চলমান।

প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিকুল ইসলাম আমার দেশকে বলেন, পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে যাওয়ার পথে পানি জমে যায়।

তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রাফিয়া ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জানায়, স্কুলে যাওয়ার পথে ও মাঠে পানি জমে থাকার ফলে ব্যাগ, বই-খাতা ও পোশাক ভিজে যায়। এছাড়া মাঠে খেলাধুলা করতে পারছি না।

উপজেলা একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার বলেন, পরিদর্শনে গিয়ে দেখি শিক্ষার্থীরা পানিতে ভিজে স্কুলে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান আমার দেশকে বলেন, পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন