স্কুল ড্রেস পরে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে প্রাণ হারিয়েছে শিপা মনি (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। দ্রুতগামী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। এক ঘণ্টা পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার সকাল পৌনে ৮টায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে ফুলবাড়ী পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন একই বিদ্যালয়ের আয়া হিসেবে কর্মরত।
স্থানীয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা।
এ সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
এদিকে, শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ৯টায় তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

