পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘অধিকতর উন্নয়ন (২য় পর্যায়) ১ম সংশোধিত’ শীর্ষক প্রকল্পের আওতায় একযোগে ছয়টি নবনির্মিত স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধন করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে—৬৮ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে আবহাওয়া স্টেশন, ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে আনসার ব্যারাক, ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ উপকেন্দ্র, ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে চারতলা খামার ভবন, ৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবন এবং ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনের বিকল্প সিঁড়িকোঠা।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ‘অধিকতর উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. ওবায়েদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে মানসম্মত অবকাঠামোর বিকল্প নেই। আজকের এই ছয়টি স্থাপনা আমাদের শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও বেগবান করবে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই দায়িত্ব শেষ হয় না; এসব রাষ্ট্রীয় সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
তিনি ভবিষ্যতে পবিপ্রবিতে আরও নতুন স্থাপনা নির্মাণের আশ্বাস দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর, তদারকি কমিটি ও প্রকল্প পরিচালককে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

