কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

কলেজে ভর্তির আবেদন শুরু, চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত

চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আবেদন চলবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন শেষে ২০ থেকে ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। আর একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতেই সম্পূর্ণ অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনের জন্য ২২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

ভর্তি সূচি অনুযায়ী, ২ থেকে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের পর যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। একই সময়ে পছন্দক্রমেও পরিবর্তন আনা যাবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৯ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

পরে ২০ থেকে ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষের ক্লাস।

এর আগে ২৪ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো। নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির মোট আসনের ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। বাকি ৯৩ শতাংশ আসনে মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন