বোয়ালমারীতে নদী থেকে উদ্ধার অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত

বোয়ালমারীতে নদী থেকে উদ্ধার অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত

ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া নদী থেকে উদ্ধার হওয়া ৬৮ বছর বয়সী অজ্ঞাত বৃদ্ধের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি নওগাঁ জেলার রানীনগর উপজেলার পশ্চিমবালুভরা গ্রামের সাহের আলী মৃধা। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গুনবহা ইউনিয়নের চিতাঘাটা বাজারসংলগ্ন বারাশিয়া নদী থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আব্দুর রশিদ জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধারের পর বৃদ্ধের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। ছবিটি দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে নিহতের মেয়ে রঙ্গিলা বেগম ও জামাতা ইসলাম বোয়ালমারীতে এসে লাশটি শনাক্ত করেন।

নিহতের মেয়ে রঙ্গিলা বেগম জানান, গত শনিবার তার বাবা সাহের আলী মৃধা বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। এমনকি খুলনা এলাকাতেও বাবার সন্ধানে পোস্টার লাগানো হয়েছিল।

রঙ্গিলা বেগম বলেন, এক ব্যক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত লাশের ছবি দেখতে পাই। পরে বোয়ালমারীতে এসে বাবাকে শনাক্ত করি। আমার বাবা বেশ কিছুদিন ধরে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার পর আমরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজেছি। এখন বাবার লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফন-কাফনের ব্যবস্থা করব।”

বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, নদী থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছিল। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তার মেয়ে রঙ্গিলা বেগম ও জামাতা ইসলাম এসে শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন