চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাকিব (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে মোহরা লায়লা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাকিব চররাঙ্গামাটিয়া এলাকার সালে আহমেদ চৌধুরী বাড়ির বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোবাইল ফোন নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের জেরে সাকিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আশিক বলেন, চান্দগাঁও থানা থেকে ছুরিকাহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে তিনি মারা যান। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

