গাজীপুরের টঙ্গীতে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর চেরাগআলী ও আউচপাড়া খাঁ-পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুনে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের ৮টি দোকান এবং আউচপাড়ার খাঁ-পাড়া রোডের নতুনবাজারে ২টি সেমিপাকা দোকান পুড়ে গেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার প্রেসক্লাব মার্কেটে প্রথম আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার ঘটনায় ওই মার্কেটের ৮টি দোকানে থাকা খাবার সামগ্রী, মুদি ও মনিহারি পণ্য এবং ভাঙ্গারির মালামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।
অন্যদিকে, একই রাতে পৌনে ২টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁ-পাড়া রোড এলাকার নতুনবাজারে দুই মালিকের ২টি সেমিপাকা দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যমতে চেরাগআলী প্রেসক্লাব মার্কেটের অগ্নিকাণ্ডে আনুমানিক ৫ লাখ টাকা এবং আউচপাড়া নতুনবাজারের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং কোনো ঘটনাতেই কেউ হতাহত হননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

