বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তির প্রসার যেভাবে দ্রুত ঘটছে, তাতে এটি শুধু একটি উদ্ভাবনী বিষয় নয়, বরং মানুষের জীবনে পরিবর্তন আনার একটি প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
বাংলাদেশও এই প্রযুক্তিগত বিপ্লবের অংশীদার হতে চেষ্টা করছে। তবে উন্নয়নের পাশাপাশি আমাদের সামনে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার দরজাও খুলে গেছে। এআই এমন একটি প্রযুক্তি, যা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, সমস্যা সমাধান করতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম করে। এটি শুধু উদ্ভাবনী নয়, বরং সময়, শ্রম এবং সম্পদ বাঁচিয়ে মানুষের জীবনের মানোন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
বিশ্বের প্রেক্ষাপট
স্বাস্থ্য খাতে এআই ব্যবহার করে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থায় দিন দিন আধুনিক এই প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে। ডায়গানস্টিক সেবায় বিভিন্ন হাসপাতাল এআই প্রযুক্তি ব্যবহার করে এক্স-রে এবং সিটিস্ক্যান রিপোর্ট বিশ্লেষণ করছে। এ ছাড়া টেলিমেডিসিনে এআইচালিত চ্যাটবট রোগীদের সাধারণ প্রশ্নের উত্তর দিতে এবং প্রাথমিক চিকিৎসা পরামর্শ দিতে সক্ষম।
শিক্ষা খাতে ই-লার্নিং এবং ভার্চুয়াল টিউটরিং সিস্টেমের মাধ্যমে এআই শিক্ষাকে আরও সহজলভ্য করে তুলছে। এআই প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘শিখন’ শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগতকৃত শিক্ষার সুযোগ তৈরি করছে। এ ছাড়া এআইনির্ভর ভার্চুয়াল ল্যাব ব্যবহার করে ছাত্রছাত্রীরা নিজেদের প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।
ই-কমার্স খাতে ব্যক্তিগতকৃত পণ্য রেকমেন্ডেশন সিস্টেম এবং স্বয়ংক্রিয় কাস্টমার সাপোর্টে এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে।
ব্যাংকসেবায় সাইবার সিকিউরিটি এবং ক্রেডিট ঝুঁকি বিশ্লেষণে এআই ব্যবহৃত হচ্ছে।
অর্থনীতিতে বিভিন্ন শিল্পে এআই অটোমেশনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পাচ্ছে।
কৃষি খাতে ড্রোন প্রযুক্তি কৃষিজমির ছবি বিশ্লেষণ করে ফসলের রোগ শনাক্ত করছে। এআই মডেল ব্যবহার করে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে ফসল উৎপাদন কেমন হবে, তা নির্ধারণ করা হচ্ছে।
পরিবহন সেবায় এআইনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা সিস্টেম নিয়ে কাজ চলছে, যা যানজট হ্রাসে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এআই খাতের সম্ভাবনা
বাংলাদেশে এআইয়ের ব্যবহার শুধু প্রয়োজনীয় নয়, বরং এটি আমাদের অর্থনীতি ও জীবনযাত্রার মান উন্নয়নে বিশাল ভূমিকা রাখতে পারে।
উৎপাদনশীলতা বৃদ্ধি:
এআই অটোমেশনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করে রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
নতুন কর্মসংস্থান:
এআইভিত্তিক নতুন পেশা যেমন ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার এবং মেশিন লার্নিং বিশেষজ্ঞের চাহিদা বাড়ছে।
অন্তর্ভুক্তিমূলক সেবা:
এআই বিশেষভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সেবা উন্নত করতে পারে। যেমন: কণ্ঠ স্বীকৃতি বা টেক্সট-টু-স্পিচ প্রযুক্তি।
নতুন শিল্পের জন্ম:
গেমিং, অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল ইফেক্ট শিল্পে এআই বাংলাদেশের সৃজনশীল খাতকে সমৃদ্ধ করতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

