মার্কিন অর্থনৈতিক চাপে ইরান নতি স্বীকার করবে না: বিশ্লেষক

মার্কিন অর্থনৈতিক চাপে ইরান নতি স্বীকার করবে না: বিশ্লেষক
ছবি: সংগৃহীত

ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগকে ‘ডি-ডে’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক পরিভাষা ব্যবহার করে এই অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে নতি স্বীকারে বাধ্য করা সম্ভব হবে না বলে মনে করছেন মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ রস হ্যারিসন।

মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রস হ্যারিসন আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

বিজ্ঞাপন

হ্যারিসনের মতে, ইরানের ওপর সর্বোচ্চ চাপের নিষেধাজ্ঞা পুনর্বহালের পর থেকেই দেশটির মানুষ এক ধরনের অর্থনৈতিক ‘ডি-ডে’র মধ্য দিয়ে যাচ্ছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর এসব নিষেধাজ্ঞা আবার কার্যকর করা হয়।

তিনি বলেন, ট্রাম্প অর্থনৈতিক চাপ বোঝাতে ‘ডি-ডে’ শব্দটি ব্যবহার করছেন। কারণ, সামরিক অভিযান ইরানকে নতি স্বীকার করানোর মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি।

হ্যারিসনের ভাষায়, সামরিক অভিযানের ভাষাকে অর্থনৈতিক চাপের ক্ষেত্রে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। তবে এর মাধ্যমে তিনি যে ফলাফল আশা করছেন, তা বাস্তবে অর্জিত হবে কি না, সে বিষয়ে তিনি যথেষ্ট সন্দিহান।

হ্যারিসন বলেন, ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সহায়তার উৎস এখনো চীন। তবে এই সম্পর্ককে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিলে ওয়াশিংটনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি বলেন, ইরানের জন্য সবচেয়ে বড় ‘জীবনরেখা’ হতে পারে চীন। কিন্তু মূল প্রশ্ন চীনকে ঠেকানো নয়। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র এখন চীনের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার মূল্য দিতে প্রস্তুত কি না।

হ্যারিসন আরো বলেন, চীনেরও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগ করার মতো বিভিন্ন ধরনের প্রভাব ও ক্ষমতা রয়েছে। একই সময়ে আগামী মাসে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

তার মতে, তাই বিষয়টি শুধু চীনের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ন্ত্রণের প্রশ্ন নয়। বরং ইরানের ওপর চাপ বাড়াতে গিয়ে যুক্তরাষ্ট্র এমন একটি সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেবে কি না, সেটিই বড় প্রশ্ন।

হ্যারিসন বলেন, ট্রাম্প বর্তমানে চীনের সঙ্গে সম্পর্কের ওপরও নির্ভর করছেন। ফলে সেই সম্পর্ক ব্যাহত করার মূল্য যুক্তরাষ্ট্র দিতে প্রস্তুত কি না, সেটিই এখন দেখার বিষয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন