চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী মানববসতি গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ লক্ষ্যে একসঙ্গে কয়েকটি বড় চুক্তি ও নতুন মহাকাশ মিশনের ঘোষণা দিয়েছে সংস্থাটি। পরিকল্পনার মধ্যে রয়েছে চাঁদে বৈজ্ঞানিক সরঞ্জাম ও অবকাঠামো পৌঁছে দেওয়া, পারমাণবিক শক্তিচালিত রোভার পাঠানো, যোগাযোগব্যবস্থা তৈরি এবং পৃথিবী থেকে চাঁদে মালামাল পরিবহনের নতুন প্রযুক্তি উন্নয়ন।
গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে আয়োজিত ‘ম্যাক্স পাওয়ার’ মহাকাশ ও বিমান প্রদর্শনীতে এসব ঘোষণা দেওয়া হয়। নাসার ভাষ্য, ধাপে ধাপে চাঁদে এমন একটি ঘাঁটি গড়ে তোলা হবে, যেখানে ভবিষ্যতে নভোচারীরা দীর্ঘ সময় অবস্থান করতে, গবেষণা চালাতে এবং বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করতে পারবেন।
নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান বলেন, প্রতিটি মিশনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে। নভোচারীরা যখন আবার চাঁদে ফিরবেন, তখন সেখানে ঘাঁটির প্রাথমিক অবকাঠামোর কিছু অংশ আগে থেকেই প্রস্তুত থাকবে।
নাসার মুন বেস কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গ্যালান বলেন, বিভিন্ন উদ্যোগকে একটি সমন্বিত কর্মসূচির আওতায় আনা হয়েছে। নতুন চুক্তি ও অংশীদারত্বের মাধ্যমে চাঁদে মানববসতি গড়ার প্রস্তুতি আরও দ্রুত এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।
চাঁদে মালামাল পাঠাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, প্রযুক্তি ও নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আটটি প্রতিষ্ঠানকে নতুন পর্যায়ের বাণিজ্যিক চুক্তির আওতায় নির্বাচিত করেছে নাসা। প্রতিষ্ঠানগুলো হলো—ব্লু অরিজিন, ফায়ারফ্লাই অ্যারোস্পেস, ইনটুইটিভ মেশিনস, আইস্পেস ইউএস, লকহিড মার্টিন স্পেস, নর্থরপ গ্রুম্যান স্পেস সিস্টেমস, স্পেসএক্স এবং ভয়েজার টেকনোলজিস।
নতুন ‘কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস’ বা সিএলপিএস-২ কর্মসূচির আওতায় এসব প্রতিষ্ঠান ভবিষ্যতে চাঁদে পণ্য ও সরঞ্জাম পৌঁছে দেওয়ার কাজের জন্য প্রতিযোগিতা করতে পারবে। প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে চন্দ্রযান তৈরি, পরিচালনা এবং নাসার বিভিন্ন বৈজ্ঞানিক সরঞ্জাম চাঁদের পৃষ্ঠে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে হবে।
এ কর্মসূচির জন্য ১০ বছর মেয়াদি একটি মূল চুক্তি করা হয়েছে। এর সম্মিলিত সর্বোচ্চ আর্থিক সীমা ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি মার্কিন ডলার। তবে এটি আটটি প্রতিষ্ঠানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া অর্থ নয়; ভবিষ্যতে বিভিন্ন মিশনের প্রয়োজন অনুযায়ী কাজের আদেশ দেওয়া হবে।
এ ছাড়া আগের সিএলপিএস-১ কর্মসূচির চুক্তিমূল্য ২৬০ কোটি ডলার থেকে বাড়িয়ে ৪২০ কোটি ডলার করেছে নাসা। প্রাথমিক পর্যায়ে চাঁদে ঘাঁটি নির্মাণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতে এ অর্থ ব্যবহার করা হবে। পুরোনো কর্মসূচির আওতায় ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত নতুন কাজ পরিচালিত হবে। ইতিমধ্যে দেওয়া মিশনগুলো শেষ করার জন্য অতিরিক্ত পাঁচ বছর সময় রাখা হয়েছে, যা ২০৩৩ সালের নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
চাঁদের দক্ষিণ মেরুতে যাবে পারমাণবিক শক্তিচালিত রোভার
নাসার নতুন পরিকল্পনার সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হলো ‘প্রমিজ’ নামের ছয় চাকার একটি পারমাণবিক শক্তিচালিত রোভার। এর পূর্ণ নাম পোলার রোভার ফর অবজারভেশন, ম্যাপিং অ্যান্ড ইন-সিটু এক্সপ্লোরেশন।
রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানো হবে। সেখানে দীর্ঘ সময় সূর্যের আলো পৌঁছায় না—এমন অঞ্চল এবং স্থায়ীভাবে ছায়াচ্ছন্ন গর্তের ভেতরেও এটি কাজ করতে পারবে। বিজ্ঞানীদের ধারণা, এসব অঞ্চলের মাটির নিচে বরফ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ থাকতে পারে।
রোভারটির মাধ্যমে চাঁদের মাটির গঠন, রাসায়নিক উপাদান, তাপমাত্রা ও বিকিরণ পরিস্থিতি পরীক্ষা করা হবে। এতে থাকবে প্রায় এক মিটার গভীর পর্যন্ত মাটি সংগ্রহের উপযোগী ড্রিল, রাসায়নিক বিশ্লেষণের জন্য স্পেকট্রোমিটার, তাপমাত্রা ও বিকিরণ পরিমাপক এবং দৃশ্যমান আলোতে ছবি তোলার ক্যামেরা।
নাসা জানিয়েছে, রোভারটি তৈরির দায়িত্ব পেয়েছে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধীন জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল)। এটির নির্মাণে মঙ্গলে পাঠানো নাসার কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স রোভারের অতিরিক্ত ফ্লাইট যন্ত্রাংশ এবং প্রকৌশল পরীক্ষায় ব্যবহৃত মডেল কাজে লাগানো হবে। এতে নির্মাণ ব্যয় কমানোর পাশাপাশি উন্নয়নকাজ দ্রুত শেষ করা সম্ভব হবে বলে আশা করছে সংস্থাটি।
২০২৮ সালের শেষ দিকে রোভারটি উৎক্ষেপণের লক্ষ্য নির্ধারণ করেছে নাসা। চাঁদে অবতরণের পর এর ১৮ মাসের অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। রোভারটি চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে দেবে জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিন। এ জন্য প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৯ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি দেওয়া হয়েছে। কাজের অগ্রগতির ভিত্তিতে অতিরিক্ত সর্বোচ্চ ১৪ কোটি ডলারের বিকল্প চুক্তির সুযোগও রয়েছে। চাঁদে রোভারটি নামাতে ব্লু অরিজিনের মার্ক-১ ল্যান্ডার ব্যবহার করা হবে।
চাঁদে মালামাল পরিবহনে ১৩০ কোটি ডলার
চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের জন্য পৃথিবী থেকে প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মহাকাশের ভেতরে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের ব্যবস্থাও গড়ে তুলতে চায় নাসা।
এ লক্ষ্যে ‘ভেঞ্চার-ক্লাস অ্যাকুইজিশন অব ডেডিকেটেড অ্যান্ড রাইডশেয়ার’ বা ভিএডিআর কর্মসূচির আওতায় ছয়টি কাজের আদেশ দিয়েছে সংস্থাটি। এসব কাজ পেয়েছে অ্যারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ব্লু অরিজিন ও ইমপালস স্পেস। চুক্তিগুলোর সম্মিলিত মূল্য প্রায় ১৩০ কোটি ডলার।
পরিকল্পনায় তিন ধরনের মিশন রয়েছে। প্রথম ধরনের মিশনে পৃথিবী থেকে চাঁদে যাওয়ার পথে যোগাযোগ ও নেভিগেশন প্রযুক্তি পরীক্ষা করা হবে। পাশাপাশি কক্ষপথে মহাকাশযান স্থানান্তরের সক্ষমতা যাচাই করা হবে।
দ্বিতীয় ধরনের মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারীদের যাওয়ার আগে বিভিন্ন এলাকায় ছোট আকারের স্বয়ংক্রিয় ড্রোন পাঠানো হবে। এসব ড্রোন চাঁদের দুর্গম অঞ্চল পর্যবেক্ষণ করবে এবং ভবিষ্যতে মানুষের অবতরণের জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করতে সহায়তা করবে। এর মধ্যে নাসার ‘মুনফল’ ড্রোনও রয়েছে।
তৃতীয় ধরনের মিশনে পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী বিভিন্ন কক্ষপথে মহাকাশযানের চলাচল, নেভিগেশন এবং যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে বড় আকারের মালামাল চাঁদে পৌঁছে দেওয়ার জন্য বাণিজ্যিক পরিবহনব্যবস্থা গড়ে তোলার প্রস্তুতি নেওয়া হবে।
এই কাজগুলো ভিএডিআর কর্মসূচির ১০ বছর মেয়াদি মূল চুক্তির আওতায় পরিচালিত হবে, যার সর্বোচ্চ আর্থিক সীমা ৫০০ কোটি ডলার। কিছু মিশনে ব্লু অরিজিনের নিউ গ্লেন, রিলেটিভিটি স্পেসের টেরান আর এবং স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেট ব্যবহার করা হবে। মহাকাশের ভেতরে মালামাল পরিবহনে ব্লু অরিজিন, ফায়ারফ্লাই অ্যারোস্পেস, ইমপালস স্পেস ও কোয়ান্টাম স্পেসের যান ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
চাঁদের কক্ষপথে যোগাযোগ স্যাটেলাইট পাঠাবে স্পেসএক্স
চাঁদে ভবিষ্যৎ মানববসতি গড়ে তুলতে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নভোচারী, চাঁদের পৃষ্ঠে থাকা রোভার, মহাকাশযান এবং পৃথিবীর নিয়ন্ত্রণকেন্দ্রের মধ্যে যোগাযোগ নিশ্চিত করতে নতুন স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তুলতে চায় নাসা।
এ লক্ষ্যে স্পেসএক্সকে একটি বিশেষ যোগাযোগ প্রযুক্তি প্রদর্শনী মিশনের দায়িত্ব দিয়েছে সংস্থাটি। বিদ্যমান চন্দ্র-লজিস্টিকস চুক্তির আওতায় স্পেসএক্স তাদের স্টারশিপ মহাকাশযান ব্যবহার করে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী মহাকাশ অঞ্চলে যোগাযোগ স্যাটেলাইট পাঠাবে।
২০২৮ সালে এ মিশন পরিচালনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে চাঁদের আশপাশে ভবিষ্যৎ যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করা হবে।
নাসার প্রত্যাশা, এ ধরনের যোগাযোগব্যবস্থা চালু হলে চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থানরত নভোচারীরা পৃথিবীর সঙ্গে আরও নির্ভরযোগ্যভাবে যোগাযোগ করতে পারবেন। একই সঙ্গে রোবট ও বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্র পরিচালনাও সহজ হবে।
চাঁদে বিদ্যুৎ ও যোগাযোগের টাওয়ার নির্মাণ
চাঁদের পৃষ্ঠে বিদ্যুৎ সরবরাহ এবং যোগাযোগ নিশ্চিত করতে ‘মিনি-কাস্ট’ নামে একটি ক্ষুদ্র যোগাযোগ ও সৌরবিদ্যুৎ টাওয়ার নির্মাণের উদ্যোগ নিয়েছে নাসা।
এ ব্যবস্থায় সৌর প্যানেল, ব্যাটারি এবং তারবিহীন বিদ্যুৎ স্থানান্তর প্রযুক্তি যুক্ত করা হবে। চাঁদের পৃষ্ঠে বিভিন্ন যন্ত্রপাতি, রোভার ও ভবিষ্যৎ বসতির বিদ্যুৎ চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ প্রকল্পের বিভিন্ন অংশ তৈরির দায়িত্ব পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। ব্লু অরিজিনের সহযোগী প্রতিষ্ঠান হানিবি রোবোটিকস তৈরি করবে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা। রেডওয়্যার কাজ করবে বিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি নিয়ে। আর ইয়াঙ্ক টেকনোলজিস তৈরি করবে তারবিহীন বিদ্যুৎ স্থানান্তরব্যবস্থা।
নাসার মার্শাল স্পেস ফ্লাইট সেন্টারের প্রকৌশলীরা এসব যন্ত্রাংশ একত্র করে পরীক্ষা করবেন। এরপর সেগুলো চাঁদের পৃষ্ঠে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যে প্রাথমিক কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
তবে শুরুতেই সম্পূর্ণ সমন্বিত টাওয়ার নির্মাণ করা হচ্ছে না। প্রথম পর্যায়ে আলাদা আলাদা যন্ত্রাংশ তৈরি ও পরীক্ষা করা হবে। পূর্ণাঙ্গ সমন্বিত বিদ্যুৎব্যবস্থা তৈরির জন্য ২০২৭ সালের শুরুর দিকে নতুন প্রস্তাব আহ্বানের পরিকল্পনা রয়েছে নাসার।
এ ছাড়া চাঁদে ঘাঁটি নির্মাণের জন্য প্রয়োজনীয় তথ্যের ঘাটতি পূরণে ছোট মহাকাশযান পাঠানো, ভবিষ্যৎ চন্দ্রাভিযানে বৈজ্ঞানিক সরঞ্জাম যুক্ত করা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছ থেকে সংগৃহীত তথ্য কেনার বিষয়টিও বিবেচনা করছে সংস্থাটি।
চাঁদে স্থায়ী মানববসতির প্রস্তুতি
নাসার নতুন ঘোষণাগুলো থেকে স্পষ্ট, চাঁদে শুধু নভোচারী পাঠানো নয়, সেখানে দীর্ঘমেয়াদি অবস্থানের উপযোগী অবকাঠামো গড়ে তোলার দিকেও গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।
বিশেষ করে চাঁদের দক্ষিণ মেরুকে ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বেশি। কারণ, ওই অঞ্চলের স্থায়ী ছায়াচ্ছন্ন গর্তগুলোতে পানির বরফ থাকার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এসব বরফ থেকে পানি, অক্সিজেন এবং রকেটের জ্বালানি তৈরির উপাদান সংগ্রহ করা সম্ভব হতে পারে। তবে এসব সম্পদের পরিমাণ ও ব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।
নাসার মুন বেস কর্মসূচির লক্ষ্য হলো ধাপে ধাপে এমন একটি অবকাঠামো গড়ে তোলা, যেখানে নভোচারীরা দীর্ঘ সময় অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা ও অনুসন্ধান চালাতে পারবেন। এ উদ্যোগ ভবিষ্যতে মঙ্গলগ্রহে মানব অভিযান পরিচালনার প্রস্তুতিতেও সহায়ক হবে বলে মনে করছে সংস্থাটি।
উল্লেখ্য, চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের এ পরিকল্পনা এখনো উন্নয়ন ও প্রস্তুতির পর্যায়ে রয়েছে। নতুন চুক্তিগুলো মূলত প্রয়োজনীয় প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো তৈরির কাজ এগিয়ে নেওয়ার জন্য। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ মানববসতি গড়ে উঠবে—এমন নিশ্চয়তা এখনো দেয়নি নাসা।
সূত্র: নাসা ও স্পেস কোস্ট ডেইলি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


