টিকটকের অ্যালগরিদম নিয়ে ইইউর আপত্তি

টিকটকের অ্যালগরিদম নিয়ে ইইউর আপত্তি

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের কনটেন্ট সুপারিশের অ্যালগরিদম নিয়ে গুরুতর আপত্তি তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির প্রাথমিক তদন্তে বলা হয়েছে, টিকটকের ‘ফর ইউ’ ফিড ব্যবহারকারীদের একই ধরনের কনটেন্ট বারবার দেখিয়ে একটি নির্দিষ্ট বিষয়বস্তুর মধ্যে আটকে ফেলতে পারে। এতে বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, ব্যবহারকারীরা কোনো ভিডিও বেশি সময় দেখলে কিংবা তাতে প্রতিক্রিয়া জানালে অ্যালগরিদম একই ধরনের আরো ভিডিও সুপারিশ করে। এভাবে কেউ ওজন কমানো, শারীরিক গঠন, হতাশা কিংবা মানসিক স্বাস্থ্যসংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে শুরু করলে তাকে ক্রমাগত একই ধরনের কনটেন্ট দেখানো হতে পারে। ফলে ব্যবহারকারী একসময় ক্ষতিকর কনটেন্টের চক্রে আটকে যেতে পারেন।

বিজ্ঞাপন

কমিশনের অভিযোগ, টিকটক এ ধরনের ঝুঁকি মোকাবিলায় যথেষ্ট কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যবহারকারীরা ‘নট ইন্টারেস্টেড’ অপশন ব্যবহার করলেও তাদের পছন্দ অনুযায়ী কনটেন্টের প্রবাহ যথেষ্ট পরিবর্তিত হয় না। কমিশনের মতে, ব্যবহারকারীর প্রকৃত পছন্দকে অগ্রাধিকার দেওয়া, ভিডিও দেখার সময়কে সুপারিশের প্রধান মাপকাঠি হিসেবে ব্যবহার কমানো এবং নিয়ন্ত্রণের সুযোগ আরো সহজ করা প্রয়োজন।

ইউরোপীয় কমিশন টিকটকের অ্যালগরিদমে পরিবর্তন আনার সুপারিশ করেছে। তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। টিকটককে তদন্তের নথি পর্যালোচনা ও লিখিতভাবে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ চূড়ান্তভাবে প্রমাণিত হলে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনুযায়ী টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে। টিকটক অবশ্য ইউরোপীয় কমিশনের প্রাথমিক অনুসন্ধানকে ভুল ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

সূত্র: ইউরোপীয় কমিশন ও অ্যাসোসিয়েটেড প্রেস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন