সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনর্নিরীক্ষণের ফলে এ বোর্ডে ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত পুনর্নিরীক্ষণ ফলাফলে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিলেট শিক্ষা বোর্ডে মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র (স্ক্রিপ্ট) পুনর্নিরীক্ষণ করা হয়।
পুনর্নিরীক্ষণের পর মোট ২ হাজার ৫৮৭ জন শিক্ষার্থীর নম্বরে পরিবর্তন এসেছে। গ্রেড পরিবর্তন হয়েছে ৯৮৬ জনের। আর জিপিএ পরিবর্তন হয়েছে ১ হাজার ২৮৬ জন শিক্ষার্থীর।
এ ছাড়া পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে ১২১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন। তবে ফেল করা ১৫৭ জন শিক্ষার্থীর ফলাফলে কোনো পরিবর্তন হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

