নড়াইলের লোহাগড়ায় দুই দিনের ব্যবধানে আবারো ইসলাম শেখ (৫০) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসলাম শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে। তিনি শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সদস্য ছিলেন এবং পেশায় একজন কৃষক ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নাশকতা মামলার আসামি মো. টিপু সুলতান এবং স্থানীয় কামরুল ইসলামের সঙ্গে শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মফিজার শেখ ও নিহত ইসলাম শেখের দীর্ঘদিনের পূর্বশত্রুতা ও রাজনৈতিক দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম শেখ উপজেলার লাহুড়িয়া-কালিগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের দলীয় মাতব্বর টিপু সুলতানের নেতৃত্বে ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত রামদা, ছ্যানদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত অন্য আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

