অক্ষত অবস্থায় মাটির নিচে মিলল ২৭০০ বছরের পুরোনো তলোয়ার

অক্ষত অবস্থায় মাটির নিচে মিলল ২৭০০ বছরের পুরোনো তলোয়ার
ছবি: ফক্স নিউজ

মাটির নিচে খাড়া অবস্থায় পুঁতে থাকা ২ হাজার ৭০০ বছরের পুরোনো একটি ব্রোঞ্জের তলোয়ারের সন্ধান পেয়েছেন এক শৌখিন ধাতু অনুসন্ধানকারী। পোল্যান্ডের এই ব্যতিক্রমী আবিষ্কারটি নিয়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যে রহস্য ঘনীভূত হচ্ছে।

চলতি জুনের শুরুতে পোমেরানিয়ান প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর ফেসবুক পোস্টের মাধ্যমে এই আবিষ্কারের তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম ও ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পোল্যান্ডের উত্তরাঞ্চলে বাল্টিক সাগরের উপকূলের কাছে গদানস্ক বন বিভাগে মার্সিন উইসনিউস্কি নামের এক শৌখিন অনুসন্ধানকারী এই প্রাচীন অস্ত্রের সন্ধান পান।

প্রত্নতাত্ত্বিকদের মতে, তলোয়ারটি ব্রোঞ্জ যুগের শেষ ভাগের, যা খ্রিস্টপূর্ব ৯০০ থেকে ৭০০ অব্দের মধ্যকার সময়ের।

হেরিটেজ কর্মকর্তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে, খননকাজের সময় বেলেমাটির ভেতর থেকে ব্রোঞ্জের তৈরি তলোয়ারটি খাড়া অবস্থায় ওপরের দিকে জেগে রয়েছে। এটি অবিশ্বাস্যভাবে সুরক্ষিত ও অক্ষত অবস্থায় রয়েছে।

উইসনিউস্কি এর আগেও গদানস্কের বাইরের একটি বনাঞ্চলে ব্রোঞ্জ যুগের গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। তলোয়ারটি দেখার পরই তিনি দ্রুত হেরিটেজ কর্মকর্তাদের বিষয়টি জানান।

পোমেরানিয়ান হেরিটেজ কনজারভেটর তাদের পোস্টে জানায়, খবর পাওয়ার পর তাদের প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভ বিভাগের কর্মীরা সেখানে যান। তারা আবিষ্কারকের সহায়তায় সঠিক প্রত্নতাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করে নিদর্শনটি উদ্ধার করেন।

কর্মকর্তারা জানান, গদানস্ক বন বিভাগে ব্রোঞ্জ যুগের তলোয়ার পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১৯২০-এর দশকে রাইনারজেভোর একটি জলাভূমি থেকে দুটি ব্রোঞ্জের অ্যান্টেনা-হিল্ট তলোয়ার পাওয়া গিয়েছিল। ওই সময় নিদর্শনগুলো গদানস্কের প্রাদেশিক জাদুঘরে পাঠানো হয়েছিল। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো হারিয়ে যায়।

গদানস্কের স্মারক সুরক্ষা বিষয়ক প্রাদেশিক কার্যালয়ের সংবাদ মুখপাত্র মার্সিন টাইমিনস্কি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তলোয়ারটি জাদুঘরে স্থানান্তর এবং ল্যাবে পরীক্ষার পর বিশেষজ্ঞরা এর বিশদ বিবরণ দিতে পারবেন। তবে এটি কোন জাদুঘরে পাঠানো হবে, সেই সিদ্ধান্ত প্রাদেশিক হেরিটেজ কনজারভেটর এখনো নেননি।

পোল্যান্ডে এমন প্রাচীন অস্ত্রের সন্ধান পাওয়া বেশ বিরল। তবে গত এক বছরে দেশটিতে এমন কিছু উল্লেখযোগ্য আবিষ্কারের ঘটনা ঘটেছে। গত বছরের শেষের দিকে প্রত্নতাত্ত্বিকরা পোল্যান্ডের পশ্চিম-কেন্দ্রীয় অঞ্চলের একটি হ্রদ থেকে মধ্যযুগীয় অস্ত্রের একটি ভাণ্ডার উদ্ধার করেছিলেন।

ধারণা করা হয়, সেগুলো দেশের প্রথম শাসকদের সঙ্গে সম্পর্কিত ছিল। এর আগে পোল্যান্ডের ভিস্তুলা নদীতে মাছ ধরার সময় এক জেলের বড়শিতে ৭০০ বছরের পুরোনো একটি মধ্যযুগীয় তলোয়ার আটকে এসেছিল।

সূত্র: ফক্স নিউজ

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন