ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই কোডিং টুল ‘মিউজ কোড’

ডেভেলপারদের জন্য মেটার নতুন এআই কোডিং টুল ‘মিউজ কোড’

ডেভেলপারদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন কোডিং টুল ‘মিউজ কোড’ উন্মুক্ত করেছে মেটা। প্রতিষ্ঠানটির সর্বশেষ এআই মডেল ‘মিউজ স্পার্ক ১.২’-এর মাধ্যমে পরিচালিত এই টুল সফটওয়্যার তৈরি, কোড লেখা এবং ত্রুটি শনাক্ত ও সমাধানে ডেভেলপারদের সহায়তা করবে।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) মেটা প্ল্যাটফর্মস জানায়, দীর্ঘ ও জটিল কোডিং প্রকল্প পরিচালনার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত করা হয়েছে মিউজ কোডকে। কঠিন ও সময়সাপেক্ষ কাজ দ্রুত সম্পন্ন করতে এটি একাধিক এআই সহকারী বা সাব-এজেন্ট একসঙ্গে ব্যবহার করতে পারে।

মেটা জানিয়েছে, মিউজ স্পার্ক ১.২ ও মিউজ কোডকে সমন্বিতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে দুটি প্রযুক্তি একসঙ্গে কাজ করে ডেভেলপারদের কোডিং-সংক্রান্ত বিভিন্ন কাজে আরও কার্যকর সহায়তা দিতে পারবে।

বর্তমানে বিটা সংস্করণে থাকা মিউজ কোড ব্যবহারকারীর কাজের রেকর্ড সংরক্ষণ করবে। ফলে কোনো কারণে সফটওয়্যার বন্ধ হয়ে গেলেও আগের কাজের জায়গা থেকেই পুনরায় কাজ শুরু করা সম্ভব হবে।

পে-অ্যাজ-ইউ-গো পদ্ধতিতে মিউজ কোড ব্যবহারের সুযোগ পাবেন ডেভেলপাররা। এর স্ট্যান্ডার্ড পরিকল্পনায় প্রতি ১০ লাখ ইনপুট টোকেনের জন্য খরচ হবে ১ দশমিক ২৫ ডলার। একই পরিমাণ আউটপুট টোকেনের জন্য দিতে হবে ৪ দশমিক ২৫ ডলার।

এআইভিত্তিক কোডিং টুলের বাজারে মিউজ কোডের মাধ্যমে মেটা অ্যানথ্রপিকের ক্লড ও ওপেনএআইয়ের কোডেক্সের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় নামল। এআই সহকারীভিত্তিক সেবা থেকে আয় বাড়ানোর লক্ষ্যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্রমেই নতুন নতুন টুল ও সেবা বাজারে আনছে।

এর আগে প্রায় এক মাস আগে ডেভেলপারদের পরীক্ষামূলক ব্যবহারের জন্য ‘মিউজ স্পার্ক ১.১’ উন্মুক্ত করেছিল মেটা। ওই মডেলের মাধ্যমে জটিল কোডিং চ্যালেঞ্জ তৈরি ও মূল্যায়ন করা হয়। সেই অভিজ্ঞতা নতুন ‘মিউজ স্পার্ক ১.২’ মডেলের সক্ষমতা উন্নয়নে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন