সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. ফিরোজ উদ্দিন নামে এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফিরোজ উদ্দিন উপজেলার তাঁতবাড়ী এলাকার মৃত ছাইফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চান্দাইকোনা মহাসড়কের পাশে সিএনজিচালিত অটোরিকশা চালকদের কাছে থেকে ফিরোজ উদ্দীন চাঁদা আদায় করতেন। চালকেরা টাকা দিতে অস্বীকার করলে অশালীন ভাষায় গালমন্দ ও হুমকি দেওয়া হতো বলে চালকরা জানান।
এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী সিএনজিচালকরা রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ভুক্তভোগী এক চালক বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা করেন।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, চালকদের লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ফিরোজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আহসানুজ্জামান বলেন, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ফিরোজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

